শ্রীনগরে ভবনে কয়েকজনকে জিম্মি করেছে সন্ত্রাসীরা
ভারতের জম্মু ও কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা এবং পরে একটি ভবনে বেশ কিছু মানুষকে জিম্মি করার ঘটনা ঘটেছে। রাজধানী শ্রীনগরের অদূরে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের উপকণ্ঠে পাম্পোরে এলাকায় সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফ বহরে থাকা একজন সদস্য নিহত হন। ১১ জন সদস্য গুলিবিদ্ধ হন। এর পরপরই সন্ত্রাসীরা সেখানকার এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই) ভবনে ঢুকে শতাধিক লোককে জিম্মি করে। খবর পেয়ে নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলেন। রাত আটটা পর্যন্ত প্রায় ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন-চারজন সন্ত্রাসী ইডিআই ভবনে ঢুকে এর দখল নিয়েছে। তবে ভবনের ভেতরে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, তাঁরা ভেতরে থাকা বেসামরিক লোকজনকে নিরাপদে বের করে আনার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন। এ কারণে তাঁদের সতর্কভাবে বিষয়টি দেখতে হচ্ছে। রাত অন্তত আটটা পর্যন্ত ভবনে সন্ত্রাসীরা অবরুদ্ধ ছিল।