শ্লীলতাহানির পর ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩
দুই কিশোরীর শ্লীলতাহানি করে তার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর জেলার টান্ডা গ্রামে। খবর বিবিসির।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তর প্রদেশের রামপুর জেলার টান্ডা গ্রামে দুই কিশোরীকে ঘিরে ১৪ জন তরুণ শ্লীলতাহানি করেন। এই শ্লীলতাহানির ঘটনার ভিডিওচিত্র ধারণ করে তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে। ভিডিওচিত্রটি ভাইরাল হয়ে গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ তদন্ত শুরু করে।
ভিডিওচিত্রে দেখা গেছে, দুই কিশোরীকে ঘিরে ধরেছে ১৪ জনের এক দল তরুণ। কিশোরীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তরুণেরা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে এক কিশোরীর হাত ধরে টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় কিশোরীরা সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। উল্টো সাহায্য চাওয়ার ঘটনায় হাসাহাসি করেছেন তরুণেরা। বিষয়টি তাঁরা মোবাইল ফোনে ধারণ করেও রেখেছেন।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা করেছে। প্রধান অভিযুক্ত শাহনেওয়াজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অরবিন্দ কুমার বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। তাই পুলিশ নিজেই বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশের তদন্ত চলছে। মূল অভিযুক্ত শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রামপুর জেলার কুয়াখেরা গ্রামের শাহনেওয়াজ, নাভিদ, ফরমান, জাহানে আলম ও সাদ্দাম জড়িত। বাকি যুবকদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ ঘটনায় কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, দুই মাস আগে ক্ষমতায় আসার সময় বিজেপি আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটাই কি তার নমুনা? এই ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ সরকারের ব্যর্থতা বলেই মনে করছেন তাঁরা।
গত মার্চ মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিরোমিও স্কোয়াড চালু করেছিল যোগী সরকার। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।