
ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় বলেছেন, দেশটির সংখ্যালঘুরা যে ‘আতঙ্কের’ ভেতরে বসবাস করছে, তা বোঝাতে ‘অসহিষ্ণুতা’ শব্দটি যথেষ্ট নয়। সার্বিক পরিস্থিতি বর্ণনা করার জন্য নতুন শব্দ উদ্ভাবন করতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে গত শনিবার এক অনুষ্ঠানে এ কথা বলেন বুকার পুরস্কারজয়ী ৫৫ বছর বয়সী অরুন্ধতী রায়। ওই অনুষ্ঠানে ‘মহাত্মা ফুলে সমতা পরিষদ’ (এমপিএসপি) তাঁকে জ্যোতিবা ফুলে পুরস্কার দেয়।
অনুষ্ঠানে অরুন্ধতী রায় বলেন, ‘খুন, জীবন্ত পুড়িয়ে হত্যাসহ অন্য যেসব ঘটনা ঘটছে, তার জন্য কেবল অসহিষ্ণুতা শব্দটি পর্যাপ্ত নয়। সার্বিক পরিস্থিতি বর্ণনা করতে হলে আমাদের নতুন কোনো শব্দ উদ্ভাবন করতে হবে।’
অরুন্ধতী অভিযোগ করেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মূলত ব্রাহ্মণ্যবাদকে উৎসাহ দিচ্ছে। হিন্দুত্ববাদ পরিত্যাগ করার পরও বি আর আমবেদকারের মতো সমাজসংস্কারকদের ‘মহান হিন্দু’ তকমা লাগিয়ে মহিমান্বিত করার চেষ্টা করছে।
টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, ‘অসহিষ্ণুতা’ বিতর্কের ঝড়ের মধ্যে গত শনিবার বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমি বলেছেন, ১৯৯২ সালে প্রথম তাঁকে মুসলিম পরিচয়টা আলাদা করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। লক্ষ্ণৌ সাহিত্য উৎসবে বক্তব্য দেওয়ার সময় অসহিষ্ণুতা বিতর্কের ওপর এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শাবানা বলেন, ‘তখন এমন সমন্বিত চেষ্টা চালানো হয়েছিল যে ধর্মই মানুষের একমাত্র পরিচয়। ভারতীয় হওয়ার পরিচয়টাই যথেষ্ট নয়।’
শাবানা আজমি আরও বলেন, ‘অসহিষ্ণুতার ব্যাপারটি সব সময়ই ছিল এবং মানুষ যত দিন থাকবে, তত দিন তা চলতে থাকবে। কিন্তু যখন এটা আইনশৃঙ্খলা সমস্যায় রূপ নেয়, তখন রাষ্ট্রকে তা মোকাবিলা করতে হবে। রাষ্ট্র এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়, তার ওপরই দেশের পরিপক্বতা প্রকাশ পাবে।’
এদিকে বার্তা সংস্থা আইএনএস জানায়, ভারতের সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে অভিনেতা আমির খানের মন্তব্যকে ‘নির্দোষ’ আখ্যা দিয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি। তিনি বলেন, আমিরের ওই মন্তব্য উপেক্ষা করাই উচিত ছিল। কিন্তু সেটা না করায় এ নিয়ে নানা প্রচারণা সৃষ্টি হয়েছে।
খবরে বলা হয়, গতকাল রোববার প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের সঙ্গে ‘রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট পারফেক্ট স্ট্রোকস সিজন ২’-এর এক অনুষ্ঠানে রাজকুমার হিরানি আমিরকে নিয়ে ওই মন্তব্য করেন।
অনুষ্ঠানে হিরানি বলেন, ‘আমির খানের জবাবটা যদি আপনি খেয়াল করেন, তবে দেখবেন, তিনি স্পষ্টভাবেই বলেছেন, “আমি ব্যথিত ও দুঃখিত যে আমার স্ত্রী একদিন এটা বলেছিল।” আমার (হিরানি) বিবেচনায় এটা খুবই নির্দোষ জবাব।’
হিরানি বলেন, লোকজন আমিরকে যেভাবে আক্রমণ করেছে, তাতে আমি সমাজের কিছু অংশের মধ্যে কিছুটা অসহিষ্ণুতার পরিচয় দেখেছি। মানুষের আরও কিছুটা সহিষ্ণু হওয়া প্রয়োজন।