সংখ্যালঘুর স্বার্থ রক্ষায় ঢাকার ওপর ভরসা দিল্লির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়ে ভারত সে দেশের সরকারের ওপর ভরসা রাখছে। সে দেশের সরকার ভারতকে বারবার জানিয়েছে, সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিষয়কে তারা সব সময় খুব গুরুত্ব দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ভারতের এক প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ গিয়েছিল সে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণে। প্রতিনিধিদলে ছিলেন শাসক দলের জাতীয় কর্মসমিতির সদস্য অরুণ হালদার, পশ্চিমবঙ্গ বিজেপির নেতা সুরেশ পূজারি এবং বিজেপির শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সাংসদ রাম দাস অটোয়াল। তাঁরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছেন। সংখ্যালঘুদের সঙ্গেও কথা বলেছেন। এই দলের অভিমত, বাংলাদেশের বহু হিন্দু এখন আর নিজেদের নিরাপদ বোধ করছেন না। তাঁদের মনোবলে চিড় ধরেছে। হিন্দুদের এই ‘বিপন্নতার’ কথা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জানাবেন বলে বাংলাদেশেই জানিয়েছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রসঙ্গ উঠলে মুখপাত্র বিকাশ স্বরূপ ভারতের অবস্থানের কথা জানান।
বিকাশ স্বরূপ বলেন, এই প্রতিনিধিদলের সফর বা অভিমত সম্পর্কে কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ বা অত্যাচারের ঘটনা সম্পর্কে সরকার সব সময়েই বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে। তিনি বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ বিষয়ে বাংলাদেশ সব সময় আমাদের আশ্বস্ত করেছে। বলেছে, সংখ্যালঘুদের স্বার্থের বিষয়টিকে তারা সব সময় খুবই গুরুত্বের সঙ্গে দেখে। এ ধরনের ঘটনা ঘটলেই তারা সময় নষ্ট না করে তদন্ত শুরু করে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।’
বিজেপির এক সূত্রের মতে, গত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর অত্যাচার অনেকটাই বেড়ে গেছে। এই প্রতিনিধিদলের কাছে সে দেশের সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা এই কথা জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর ভালো হওয়ার কারণে সরকার বা দল এ বিষয়ে প্রকাশ্যে কোনো চাপ দিচ্ছে না। তবে পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক সফরের সময় বিষয়টি দ্বিপক্ষীয় স্তরে উঠেছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়। ওই সূত্রটির মতে, বাংলাদেশ সরকারের অভিমত, শাসক দলকে বিব্রত ও ব্যতিব্যস্ত করতে বিরোধীরা এই চক্রান্তের সঙ্গে যুক্ত।

প্রতিবেশী হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে
দল হিসেবে বিজেপি অবশ্য বিষয়টি নিয়ে চিন্তিত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল বুধবার প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের স্বার্থের বিষয়টি পর্যালোচনা করেন। দলীয় নীতি অনুযায়ী, হিন্দুসহ অন্য সংখ্যালঘু নাগরিক যাঁরা ভারতে চলে এসেছেন ও আসতে চাইছেন, সরকার তাঁদের সব রকমের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদি ভিসা (৫ বছরের জন্য) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি ভিসা দেওয়ার ক্ষমতারও বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য শিক্ষা ও অন্য প্রয়োজনীয় ব্যবস্থার বন্দোবস্তও সরকার করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, সীমান্তরক্ষী বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু শরণার্থীদের যেন অনুপ্রবেশকারী হিসেবে মনে না করা হয়। তাঁদের যেন সাহায্য করা হয়। বিজেপির সিদ্ধান্ত, প্রতিবেশী দেশের হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। তাঁদের ‘অনুপ্রবেশকারী’ গণ্য করা হবে না।

সোনুকে ফেরাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ
সোনু নামে যে ভারতীয় কিশোরকে বাংলাদেশে পাওয়া গেছে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ঢাকা হাইকমিশন থেকে এক কর্মকর্তা যশোরের পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সোনুর সঙ্গে দেখা করেছেন। সোনু ভালো আছে। তিনি বলেন, সোনুকে ফেরত আনার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ঘনিষ্ঠ সহযোগিতা করছে।