সংখ্যালঘুরাই 'সংখ্যালঘু', ডিব্রুগড়ে চিন্তায় কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিব্রুগড়ের একটি চা বাগান। ছবি: প্রথম আলো
ডিব্রুগড়ের একটি চা বাগান। ছবি: প্রথম আলো

একটি কুঁড়ি-দুটি পাতা তো রয়েছেই; সঙ্গে আছে মাটির নিচে ‘কালো সোনা’ ও ‘গলিত সোনা’র ভান্ডারও। অর্থাৎ চা–পাতা, কয়লা আর খনিজ তেলে ভরপুর উজান আসামের ডিব্রুগড়। এই ডিব্রুগড়ে এবার ভোটযুদ্ধে অবতীর্ণ চা–বাগানেরই দুই প্রতিনিধি। কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা ভারতের সাবেক মন্ত্রী পবন সিং ঘাটোয়ার আর বিজেপির রামেশ্বর তিলি। তিলি গতবার ১ লাখ ৮৫ হাজার ৩৪৭ ভোটে জিতলেও এবার নাকি লড়াই কঠিন। বলছে কংগ্রেস। আর এই লড়াইয়ে বড় ভূমিকা নেবে চা–বাগানের ভোট।

আসামের ১৭ শতাংশ মানুষকে অন্ন জোগায় চা–বাগান। মোট ২ হাজার ৪৭০টি বাগানে ২৩০ হাজার একর জমিতে চাষ হয়। বছরে উৎপাদন হয় ৪৭৬ মিলিয়ন কেজি চা–পাতা। আর এর একটা বড় অংশের অংশীদার ডিব্রুগড়। শুধু চা কেন, ডিব্রুগড় লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত পাশের জেলা তিনসুকিয়ার চিকিৎসক কীর্তি দে জানালেন, প্রতিদিন ১০টি করে রেলের ওয়াগান ভরে কয়লা যায় অন্যত্র। তেলও তুলছে এই লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানি। ফলে, প্রকৃতি দুহাত ভরে দিয়েছে ডিব্রু নদীর পারের এই গড়কে (দুর্গ)।

আগামী বৃহস্পতিবার প্রথম দফাতেই এখানে ভোট। প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ভোট প্রচার করে গিয়েছেন। কিন্তু রাস্তাঘাটে ভোটের সেই উন্মাদনা বা প্রচারে ছবি নেই। স্থানীয় বাঙালি যুবক জয়ন্ত দে বললেন, লোকসভা ভোটে এখানে প্রচার তেমন জমে না। ভোটের আগে মহল্লায় মহল্লায় ‘কানে কানে প্রচার’। বুঝিয়ে দিলেন, সেই প্রচারে মদ থাকে। থাকে টাকা–পয়সাও; বিশেষ করে বাগান অঞ্চলে।

পবন সিং ঘাটোয়ার এবারের ভোট প্রচারে অস্ত্র করেছেন ক্যাবকে (নাগরিকত্ব সংশোধনী বিল)। সেই সঙ্গে স্থানীয় চা–বাগানের সমস্যাই তাঁর ইস্যু। দাবি তুলেছেন, স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ নিষিদ্ধ করতে হবে। মদ তৈরির প্রধান উপকরণ লালিগুরকেই নিষিদ্ধ ঘোষণার করার দাবিও উঠেছে। সেই সঙ্গে কেন্দ্রের মন্ত্রী থাকার সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজকেও হাতিয়ার করছেন তিনি। এই লোকসভা কেন্দ্রেরই তিনসুকিয়ায় ৪৬ শতাংশ ভোটারই বাঙালি। তাই এনআরসিও (জাতীয় নাগরিক নিবন্ধন) উঠে আসছে তাঁর প্রচারে। রয়েছে বিজেপির বিরুদ্ধে ‘জুমলাবাজি ও মাফিয়াগিরি’র অভিযোগ। ভোট প্রচারের ফাঁকে প্রথম আলোকে বললেন, ‘চোরা স্রোত বইছে কংগ্রেসের অনুকূলে। বিজেপির টাকার খেলা রুখতে পারলেই জিতে যাব।’

অন্যদিকে, ‘টাকার খেলা’ ছাড়াও বিজেপির হাতিয়ার চা জনজাতিসহ ছয়টি জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার অঙ্গীকার। কংগ্রেস কটাক্ষ করলেও বিজেপি প্রার্থী রামেশ্বরের দাবি, ‘চা–বাগানগুলোর চেহারাই বদলে দিয়েছে বিজেপি সরকার। মজুরি বেড়েছে শ্রমিকদের। পেয়েছে রান্নার গ্যাস। ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাচ্ছে।’ দাবি করলেন, ব্যাপক উন্নতি হয়েছে গত পাঁচ বছরে। এই উন্নয়নের জেরেই জিতবেন তিনি। প্রচারে শুধুই উন্নয়নের কথা বিজেপি ভোট প্রার্থীর। সঙ্গে থাকছে কংগ্রেসবিরোধী প্রচার। তবে কান পাতলে শোনা যায়, কংগ্রেসকে ‘মুসলিমদের দল’ বলেও সংখ্যাগুরু–অধ্যুষিত ডিব্রুগড়ে ‘ফিসফিসানি’ চালু করেছে বিজেপি। এই ‘ফিসফিসানি’ টের পাওয়া যাচ্ছে বেশ প্রকটভাবেই। আর ডিব্রুগড় লোকসভা কেন্দ্রে মুসলিম ভোট খুবই কম। ফলে কিছুটা বিপাকেই কংগ্রেস।

ফিসফিসানির দাপট স্পষ্ট। ডুমডুমায় মাড়োয়ারি মিষ্টির দোকান ‘রাজস্থান সুইটস’। মাড়োয়ারি দোকানদার বললেন, ‘আমরা তো হিন্দু। তাই বিজেপিকেই ভোট দেব।’ গাড়িচালক দুলাল মণ্ডলের সারাক্ষণ কানের কাছে ভ্যানভ্যানানি, ‘স্যার, বিজেপিই জিতব। আমরা তো হিন্দু। বিজেপিরেই তো ভোট দিমু।’ তবে মুসলিম জনপদ চুপ। চাবুয়া, ডিগবয়, তিনসুকিয়ার মুসলিম মহল্লাগুলোয় ভোটের হাওয়াই নেই কোনো। তবে সেখানেও বোঝা যায় বিভাজনের রাজনীতি কতটা প্রকট। তবে মুখ খুলছেন না তাঁরা। কারণ, এখানে প্রকৃত অর্থেই সংখ্যালঘু। এটাই সুবিধা বিজেপির। আর চিন্তার কারণ কংগ্রেসের।