দিনব্যাপী আলোচনার পর ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা গতকাল বুধবার কাশ্মীর নিয়ে সর্বসম্মত এক প্রস্তাব অনুমোদন করেছে। এতে সংলাপের মাধ্যমে কাশ্মীরের জনগণের, বিশেষ করে তরুণদের আস্থা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রস্তাবটি রাজ্যসভায় পড়ে শোনান। ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য নিয়ে এটি চলতি সংসদ অধিবেশনে দ্বিতীয় প্রস্তাব। নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহেদীনের তরুণ নেতা বুরহান ওয়ানিকে হত্যা করার পর থেকে এক মাসের কিছু বেশি সময় ধরে কাশ্মীর উপত্যকা উত্তপ্ত। প্রায় প্রতিদিন হওয়া সহিংস বিক্ষোভের সময় পুলিশ, সেনাসহ বিভিন্ন বাহিনীর গুলিতে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হন কয়েক হাজার। তার মধ্যে নিরাপত্তা বাহিনীর কিছুসংখ্যক সদস্যও রয়েছেন।
রাজনাথ সিং রাজ্যসভায় বলেন, পাকিস্তান বেশ কয়েকটি ঘটনার পেছনে দায়ী, যা সহিংসতায় উসকানি দেয়। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে কাশ্মীর নিয়ে নয়, বরং কথা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে।’
বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ সংসদে না এসে মধ্যপ্রদেশের জনসভায় কাশ্মীর নিয়ে প্রথম বক্তব্য দেওয়ায় মোদির সমালোচনা করেন। বিরোধীদলীয় নেতা এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী আফ্রিকা নিয়ে টুইট করেন, কিন্তু কাশ্মীর নিয়ে নয়।’
রাজনাথ সিং বলেন, সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পর কাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক হবে।