সংসদ অধিবেশন যাতে ভেস্তে না যায়, প্রণবের আহ্বান

অন্যান্য বারের মতো এবারও যাতে ভারতের সংসদীয় অধিবেশন ভেস্তে না যায়, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সে জন্য সরাসরি আবেদন জানালেন। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনের ভাষণের একেবারে শেষে আজ মঙ্গলবার তিনি বলেন, ‘সংসদেই জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রতিফলন ঘটে। এখানে বিতর্ক চলুক, আলোচনা হোক, কিন্তু অধিবেশন ভেস্তে দেবেন না। গণতন্ত্রের এই মন্দিরে সব দিক থেকে শুভচিন্তা ও ভাবনা ভেসে আসুক।’
বিভিন্ন দাবিতে সংসদের গত অধিবেশনগুলি বারবার ভন্ডুল হয়েছে। সরকারপক্ষ সে জন্য দায়ী করেছে বিরোধীদের, বিরোধীরা সরকারপক্ষকে। ফলে সংসদে প্রয়োজনীয় বিলগুলো পাস করা যায়নি। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাই হয়নি। এবারও তারই পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। তা যাতে না হয় সে জন্যই রাষ্ট্রপতির আবেদন।
রীতি অনুয়ায়ী এই ভাষণে সর্বস্তরে সরকারের সাফল্যই রাষ্ট্রপতি তুলে ধরেন। যে ভাষণ তিনি পাঠ করেন, তা কেন্দ্রীয় সরকারেরই প্রস্তুত করে দেওয়া। এই ভাষণে দেশের সফল পররাষ্ট্রনীতির উল্লেখ প্রসঙ্গে রাষ্ট্রপতি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরেন। ‘বসুধৈব কুটুম্বকম’, যার অর্থ গোটা পৃথিবীই এক পরিবার, এ কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতিবেশীদের কাছে এগিয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে এক ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি সম্পাদন করেছে।
এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সীমান্তসংক্রান্ত যে বিতর্ক ছিল, তার শান্তিপূর্ণ মীমাংসা ঘটেছে। বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে নিরবচ্ছিন্ন মোটর চলাচলের চুক্তির উল্লেখ করে তিনি বলেন, এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে।
নেপালে ভূমিকম্পের সময় ভারতের ভূমিকা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিপদের দিনে ভারত পাশে দাঁড়িয়েছে। পাকিস্তান প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক স্থাপনে ভারত আগ্রহী। এবং এর মধ্য দিয়ে ভারত এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায় যার ফলে সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, প্রতিবেশীদের ভবিষ্যৎ সমৃদ্ধিশালী ও সুনিশ্চিত করতে ভারত বিশ্বাসী।
সর্বস্তরে অগ্রগতির উল্লেখ রাষ্ট্রপতির ভাষণে বারবার উঠে এসেছে। যেমন তিনি বলেছেন, সারা পৃথিবীতে ব্যবসা-বাণিজ্য করার নিরিখে ভারত ১২ ধাপ এগিয়ে এসেছে, প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের পর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কোষাগার ও রাজস্ব ঘাটতি কমে গেছে, যার ফলে বিদেশি মুদ্রার সঞ্চয়ের পরিমাণ হয়েছে সর্বাধিক।
সংসদ সচল রাখতে রাষ্ট্রপতির আবেদন সত্ত্বেও বাজেট অধিবেশন কতটা নির্বিঘ্নে কাটবে, সে বিষয়ে প্রবল সংশয় কিন্তু রয়েছে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা, দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা, হরিয়ানায় জাঠ সংরক্ষণসহ বিভিন্ন প্রশ্নে সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। সাধারণ বাজেট ও রেল বাজেট পেশ এবং ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার বিষয় ছাড়া আর কোনো বিষয়ে বিরোধীদের সহযোগিতা সরকার কতটা পাবে, সন্দেহ। অধিবেশন চলার সময়ই পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা হবে। ফলে সংসদ থেকে নজর সরে যাবে রাজ্যে রাজ্যে। অতএব, রাষ্ট্রপতির আবেদন সত্ত্বেও বাজেট অধিবেশন নিষ্ফলা হওয়ার সম্ভাবনা প্রবল।