সংসদ সচল করতে ২৫ জন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদের অচলাবস্থা কাটাতে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন শেষ পর্যন্ত কংগ্রেসের ২৫ জন সদস্যকে পাঁচ দিনের জন্য বরখাস্ত করলেন। স্পিকারের এই সিদ্ধান্তকে কংগ্রেসিরা ‘হিটলারি চাল’-এর সঙ্গে তুলনা করেছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ভারতীয় গণতন্ত্রে এটা একটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে।

সিদ্ধান্তের পরেই কংগ্রেস দল হিসেবে এই সপ্তাহ লোকসভা বয়কট করবে ঠিক করেছে। বাম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং এনসিপি ঘোষণা করেছে, তারাও কংগ্রেসের সঙ্গে এই পাঁচ দিন লোকসভা বয়কট করবে। অন্য বিরোধী দলগুলোও এই বিষয়ে কী করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে।
ললিত কাণ্ডে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং ব্যপম কাণ্ডে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ইস্তফার দাবিতে কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলি অনড়। সরকার ও বিজেপি আবার ওই তিনজনের ইস্তফার বিরুদ্ধে। অচলাবস্থা কাটাতে স্পিকার নিজে সর্বদল বৈঠক ডেকেছিলেন। কাজ হয়নি। সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সোমবার দুপুরে দু ঘণ্টা ধরে বিরোধীদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধানসূত্র পাওয়া যায়নি। বেলা তিনটায় স্লোগান মুখর লোকসভায় স্পিকার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
ললিতকান্ডকে বিজেপি আদৌ দুর্নীতি বলে মনে করে না। আর ব্যপমকান্ড সিবিআই-এর তদন্তাধীন। তদন্তে অপরাধ প্রমাণিত না হলে কোনো ব্যবস্থা নয়। কংগ্রেস সহ অন্য বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য, কমনওয়েলথ কেলেঙ্কারি, আদর্শ হাউজিং কেলেঙ্কারি, টুজি বা কয়লা কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কংগ্রেস সংশ্লিষ্ট মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিরোধীদের দাবিকে সম্মান দিয়ে তাদের ইস্তফা দিতে বাধ্য করেছে। রেলমন্ত্রী পবন বনশল, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুবোধ কান্ত সহায়, আইনমন্ত্রী অশ্বিনীকুমারকেও দল পদত্যাগ করতে বলেছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আগেই, তৎকালীন বিরোধী বিজেপির দাবি মেনে। অথচ এখানে প্রধানমন্ত্রী এখনো একটিও মন্তব্য করেননি। ইস্তফাও দিতে বলা হয়নি। কংগ্রেস নেতা মল্লিকাজু‌র্ন খারগে এই কথা জানিয়ে বলেন, বিজেপি নৈতিকতার ধার ধারে না। সাংসদদের বহিষ্কার করে নরেন্দ্র মোদি সারা দেশে গুজরাট মডেল কায়েম করতে চাইছেন। তারা বিরোধীশূন্য সংসদ চালাতে চায়।
বিজেপি চাইছিল এই প্রশ্নে সংসদে কংগ্রেসকে অন্যদের থেকে আলাদা করতে। সমাজবাদী পার্টি, বিজু জনতা দল ও তৃণমূল কংগ্রেস ইস্তফার দাবি জানায়নি। কিন্তু সাসপেনশনের সিদ্ধান্ত এই দলগুলো মেনে নেয়নি। এখন দেখার সংসদের বাকি দিনগুলি লোকসভা বিরোধীশূন্য অবস্থায় চলে কি না।