সংসদে আবার তোপের মুখে বিজেপি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীর অশালীন মন্তব্য ও সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিজেপি সরকার গতকাল বুধবারেও সংসদে কোণঠাসা হলো। বিরোধীদের সম্মিলিত দাবির জবাবে সরকার থেকে বলা হয়, মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন। এরপর বিষয়টি নিয়ে আর আলোচনার অবকাশ নেই।
সরকারের এই বক্তব্যে সন্তুষ্ট হননি বিরোধীরা। তাঁদের বিক্ষোভের মুখে লোকসভা ও রাজ্যসভা কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। শীতকালীন এই অধিবেশনে বিজেপির সার্বিক বিরোধিতা সংসদের অভ্যন্তরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে ক্রমেই কাছাকাছি নিয়ে আসছে।
গত সোমবার দিল্লিতে নির্বাচনী প্রচারে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ধর্মীয়ভাবে স্পর্শকাতর বক্তব্যসহ কিছু অশালীন মন্তব্য করেছিলেন। তা নিয়ে গত মঙ্গলবার সংসদের উভয় কক্ষে বিরোধীরা সরব হন এবং সবাই তাঁর পদত্যাগ দাবি করেন। প্রতিবাদ ও প্রতিরোধের মুখে মন্ত্রী সংসদে ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু বিষয়টি ওইখানে থেমে থাকেনি। গতকাল অধিবেশন শুরু হতেই দুই কক্ষে বিরোধীরা সরব হন। মঙ্গলবার প্রধানমন্ত্রী সংসদের কোনো কক্ষেই আসেননি। গতকাল সকাল থেকেই লোকসভায় হাজির তিনি। সদস্যরা প্রশ্ন তোলেন, কেন তিনি মন্ত্রীর উক্তির বিরুদ্ধে একটা কথাও বলছেন না। এ নিয়ে লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। বিরোধীরা নরেন্দ্র মোদিকে ‘অনাবাসী প্রধানমন্ত্রী’ অভিহিত করে তাঁর বিবৃতি দাবি করতে থাকেন।
সংসদীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এ সময় উত্তেজিত হয়ে বলেন, মনমোহন সিংয়ের শাসনামলে মন্ত্রী বেণিপ্রসাদ বর্মা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। তিনি ক্ষমা চাননি। তাঁর হয়ে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে। তৃণমূলের অভিনেতা সাংসদ তাপস পালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উনিও বিরোধীদের ‘রেপ’ করিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন। ক্ষমা চাওয়ার পর বিতর্কের অবসান ঘটে।
বিজেপির বিড়ম্বনা বাড়ানোর অন্যতম কারণ প্রধানমন্ত্রী নিজেও। অধিবেশন চলাকালে তিনি বিদেশে বেশি থেকেছেন। বেশি সময় দিচ্ছেন নির্বাচনী প্রচারেও। তাঁর অনুপস্থিতি বিরোধীদের হাতে বাড়তি অস্ত্র তুলে দেয়।