সংসদে বিরোধী বিক্ষোভে নাজেহাল বিজেপি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোরক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদীদের নিম্নবর্ণের হিন্দু ও মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছবির এ প্রতিবাদী নারীর হাতের প্ল্যাকার্ডে লেখা ‘খুন! ধর্ষিত! আর তারা অজুহাত দেয় গোমাংসের’ lএএফপি
গোরক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদীদের নিম্নবর্ণের হিন্দু ও মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছবির এ প্রতিবাদী নারীর হাতের প্ল্যাকার্ডে লেখা ‘খুন! ধর্ষিত! আর তারা অজুহাত দেয় গোমাংসের’ lএএফপি

গোরক্ষার নামে দেশজোড়া তাণ্ডব, কৃষক ক্ষোভ এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার সংসদে সম্মিলিত বিরোধী বিক্ষোভে নাজেহাল হলো ভারতের শাসক দল বিজেপি। এতটাই যে, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম কাজের দিনটাই দফায় দফায় বানচাল হয়ে গেল।

বিজেপির প্রবল বাধাদানে ক্ষিপ্ত বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী রাজ্যসভা থেকে পদত্যাগ করেই বসেন। গতকাল বিকেলে তিনি রাজ্যসভার চেয়ারপার্সন হামিদ আনসারির কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে মায়াবতীর ইস্তফাপত্র গৃহীত হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ তিন পৃষ্ঠার পত্রে তিনি পদত্যাগের কারণগুলি সবিস্তারে জানিয়েছেন। ভারতীয় সংসদের নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র হওয়া উচিত মাত্র এক বাক্যের। তাতে কারণ দেখানো যায় না।

এর আগে গোরক্ষার নামে দেশের বিভিন্ন স্থানে দলিত ও মুসলমানদের হত্যার প্রসঙ্গ তুলতে বারবার বাধা পেয়ে মায়াবতী পদত্যাগের হুমকি দিয়ে সভা ছেড়ে চলে যান। এ প্রসঙ্গে সরব ছিলেন কংগ্রেসের গোলাম নবী আজাদ, সিপিএমের সীতারাম ইয়েচুরিসহ অন্য বিরোধী সদস্যরাও। একই প্রশ্নে সোচ্চার হন সংসদের নিম্নকক্ষ লোকসভার বিরোধীরাও।  দফায় দফায় তুমুল হট্টগোলের কারণে এই কক্ষের অধিবেশনও মুলতবি করে দেওয়া হয়।

রাজ্যসভায় মায়াবতী
রাজ্যসভায় মায়াবতী



অথচ এমন পরিস্থিতির আশঙ্কাতেই কদিন ধরে বিভিন্নভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের আশ্বস্ত করতে চেয়েছেন। রাজ্যগুলোকে গোরক্ষকদের তাণ্ডব কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন। চীন ও কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকও ডাকেন।

এদিকে গতকাল উপরাষ্ট্রপতি পদে শাসক ও বিরোধী দুই জোটের পক্ষে মনোনয়নপত্র পেশ করেন যথাক্রমে ভেঙ্কাইয়া নাইডু ও গোপালকৃষ্ণ গান্ধী। ভেঙ্কাইয়া সকালেই কেন্দ্রীয় মন্ত্রী পদে ইস্তফা দেন।  রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে নিয়ে জল্পনা চলাকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, মন্ত্রিসভার কোনো সদস্যকে তিনি ছাড়তে পারবেন না। কিন্তু ভেঙ্কাইয়া নাইডুকে তিনি ছাড়তে বাধ্য হলেন দাক্ষিণাত্য থেকে আর কোনো উপযুক্ত প্রার্থীর খোঁজ না মেলায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি যত বিরোধীর সমর্থন জোগাড় করতে পেরেছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ততটা পাচ্ছে না। জনতা দল সংযুক্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করলেও উপরাষ্ট্রপতি পদে সমর্থন করছে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে। তবে ভেঙ্কাইয়া নাইডুর জেতা নিয়ে কোনো সংশয় নেই। কারণ, লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই শুধু উপরাষ্ট্রপতি পদের ভোটার।