
এক দিন আগে রাহুল গান্ধী বলেছিলেন, ‘নোট-বন্দি’ নিয়ে মুখ খুললে দেশে ভূমিকম্প হয়ে যাবে। সে জন্যই সংসদে তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। কংগ্রেসের সহসভাপতি বলেছিলেন, ‘নোট-বন্দি’-ই ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি।
এক দিন পর গতকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে সংসদের অচলাবস্থার জন্য বিরোধীদের দুষে বললেন, ‘সরকার আলোচনায় প্রস্তুত। কিন্তু বিরোধীরা আমাকে কথা বলতে দিচ্ছে না। আমি তাই জনগণের সভায় মুখ খুলতে বাধ্য হলাম।’ ৫০০ ও হাজার রুপির নোট হঠাৎ বাতিলের উদ্যোগ আবারও সমর্থন করে মোদি বললেন, দেশকে এগোতে হলে কালোটাকা ও দুর্নীতির নাগপাশ থেকে মুক্ত করতেই হবে।
ইন্দিরা গান্ধীর সরকার ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির আগে জনসংখ্যার চাপ কমাতে জোর করে বন্ধ্যাকরণের কর্মসূচি চালু করেছিলেন। অজনপ্রিয় ওই কর্মসূচি হিন্দিভাষী বলয়ে ‘নাস-বন্দি’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। তার অনুকরণেই মোদির নোট সরানোর উদ্যোগের নাম লোকমুখে হয়েছে নোট-বন্দি।
অভিযোগের চাপান-উতোর যা-ই হোক না কেন, ঘটনা হলো, নোট-বন্দির কারণে একেবারে শুরুর দিন থেকেই ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন অচল রয়েছে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকে সংসদে হাজির হয়ে জবাবদিহি করতে হবে। আলোচনা শেষে এ নিয়ে ভোটাভুটিতে যেতে হবে। সরকারের বক্তব্য, আলোচনায় তারা সব সময় প্রস্তুত। তবে ভোটাভুটিতে সরকার রাজি নয়। তা ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষে আগাগোড়া বিতর্কে উপস্থিত থাকাও সম্ভব নয়। নিট ফল, সংসদে অচলাবস্থা অব্যাহত।
এ অবস্থায় প্রধানমন্ত্রী গুজরাটের এক জনসভাকেই বেছে নিলেন। নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে গতকাল তিনি বলেন, ‘আর কত দিন নগদে কাজ চলবে। গরিবকে শুনতে হবে, পাকা বিল চাই না কাঁচা বিল?’
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও কালোটাকায় দেশ ছেয়ে গেছে। গরিবরাই এর সবচেয়ে বড় শিকার। দেশকে এগোতে হলে এই কালোটাকা ও দুর্নীতির নাগপাশ থেকে মুক্ত করতে হবে। সে জন্যই এই বড় নোট বাতিলের সিদ্ধান্ত। নরেন্দ্র মোদি বলেন, ‘মুখে গরিবদের কথা বলা এক জিনিস আর গরিবদের জন্য কাজ করে দেখানোটা অন্য জিনিস। আমরা দ্বিতীয়টাই করছি।’
সংসদকে এড়িয়ে সংসদ চলাকালীন বাইরে প্রধানমন্ত্রীর মুখ খোলা নিয়ে বিরোধীরা কিছুদিন ধরেই সরব। সব বিরোধী নেতারই অভিযোগ, এভাবে সংসদের অবমাননা দেশের আর কোনো প্রধানমন্ত্রী করেননি। তবুও ভোটাভুটি আছে এমন কোনো প্রস্তাব নিয়ে আলোচনায় সরকার রাজি নয়। গত শুক্রবার রাহুল বিতর্কে অংশ নেবেন বলে তৈরি হয়ে এসেছিলেন। কিন্তু সরকারপক্ষের সদস্যরা দাবি জানাতে থাকেন, অচলাবস্থার জন্য আগে কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। এই দাবি ও পাল্টাদাবিতে সভা ভন্ডুল হয়ে গেলে ক্ষিপ্ত রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর সাহস নেই এই সংসদীয় বিতর্কে অংশ নেওয়ার। উনি প্রথমে কালোটাকার দোহাই দিলেন, তারপর জাল নোটের। এখন ক্যাশলেস (নগদ অর্থবিহীন) অর্থনীতির কথা বলছেন। প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন কারণ তিনি জানেন, নোট-বন্দিতে ক্ষতি হচ্ছে শুধু গরিবদেরই।’