সংসদেও কৃষি ও কৃষক প্রশ্নে সরব রাহুল
অজ্ঞাতবাস থেকে ফিরে ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী সংসদে সরকারকে কোণঠাসা করলেন। গতকাল সোমবার লোকসভায় কৃষি ও কৃষকদের সমস্যা নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ভারতের যা কিছু উন্নতি, তার ভিতই হচ্ছে কৃষি। কিন্তু কৃষিজীবী মানুষেরাই এই সরকারের আমলে চরম উপেক্ষিত হচ্ছে। এর খেসারত প্রধানমন্ত্রীকে দিতে হবে।’
কৃষি ও কৃষকদের সমস্যাকে ‘উপেক্ষা’ এবং প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ আইনের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্যেই গত রোববার দিল্লির রামলীলা ময়দানের সমাবেশের আয়োজন করে দলটি। সেই সভায় রাহুল এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মিলে কৃষি ও ভূমি অধিগ্রহণ বিল নিয়ে বিজেপি সরকারকে তুলোধুনো করেন।
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই গতকালও কংগ্রেস লোকসভায় আক্রমণাত্মক ভূমিকা নেয়। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় কেন্দ্রীয় ক্ষুদ্র শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিং ক্ষমা চান। দিন কয়েক আগে গিরিরাজ বলেছিলেন, সোনিয়া নাইজেরিয়ার নারী হলে তিনি কি কংগ্রেসের সভানেত্রী হতে পারতেন? তাঁর গায়ের রং সাদা বলেই তাঁকে সমীহ করা হয়। গিরিরাজের ক্ষমা চাওয়ার পর্ব শেষ হলে তৃণমূল কংগ্রেসের সদস্যদের সঙ্গে একযোগে কংগ্রেস ও অন্য বিরোধীরা ভূমি অধিগ্রহণ বিল প্রত্যাহারের দাবিতে তাঁদের আসন ছেড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রাহুলও সেই বিক্ষোভের শামিল হন। অধিবেশন বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়।
পরে সভা শুরু হলে রাহুল বলেন, ‘এই সরকার কৃষিতে ঋণের পরিমাণ কমানোর পাশাপাশি কৃষিজাত পণ্যের ন্যূনতম সংগ্রহমূল্যও কমিয়ে দিয়েছে। আমাদের সময় প্রতিবছর কৃষিঋণ ২০ শতাংশ হারে বাড়ত, এখন বাড়ছে মাত্র ৫ শতাংশ। সারের দাবি জানাতে গিয়ে কৃষকদের লাঠিপেটা খেতে হচ্ছে।’
রাহুলের আক্রমণ সামাল দিতে সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও কৃষিমন্ত্রী রাধামোহন সিং বিজেপি সরকারের কৃষিনীতি এবং সাম্প্রতিক বিপর্যয়ের মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, তা ব্যাখ্যা করেন।