কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় অংশ নেবেন। এর পাশাপাশি সমাজবাদী পার্টি তাদের যে প্রচার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে অখিলেশ যাদবের নিজের কাকা শিবপালের নাম নেই।
উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে গতকাল মঙ্গলবার দুই দলের এই প্রচার তালিকা প্রকাশ করা হয়। তারা এবার জোট বেঁধে বিধানসভার ভোটে লড়াই করছে। কোনো দলের তালিকাতেই যৌথ প্রচারের কোনো উল্লেখ নেই। তবে দুই দলের পক্ষ থেকেই বলা হয়েছে, রাহুল গান্ধী ও অখিলেশ যাদব ভোটের সাতটি পর্যায়েই একসঙ্গে প্রচার করবেন। একই মঞ্চ ব্যবহার করে ভাষণ দেবেন।
প্রিয়াঙ্কা এত দিন ভাই ও মায়ের কেন্দ্র আমেথি ও রায়বেরিলির বাইরে কোথাও প্রচার করেননি। কিন্তু এবার সম্ভবত তিনি সেই গণ্ডি টপকাবেন।
অখিলেশ গতকাল যে তালিকা পেশ করেছেন, তাতে কাকা শিবপাল যাদবের নাম নেই। কাকার সঙ্গে তাঁর বিরোধ এখন খোলা পাতা। শিবপাল অবশ্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। যশবন্তনগর থেকে তিনি এবার দলীয় প্রার্থী। কিন্তু শিবপালের ঘনিষ্ঠ আতিক খান বা মুক্তার আনসারিদের টিকিট দেওয়া হয়নি। অখিলেশ যে বাবার আমল থেকে বেরিয়ে দুর্নীতি ও বাহুবলীদের বাদ দিয়ে রাজনীতি করতে চান, প্রার্থী তালিকা থেকে তা স্পষ্ট। দৃশ্যত এই বার্তা আরও জোরের সঙ্গে দিতেই শিবপালকে তিনি প্রচারের মুখ করতে চাননি।
কংগ্রেসের সঙ্গে জোট হলেও এখনো কিছু কিছু বিষয়ের জট খোলা যায়নি। যেমন যে ৭ জন কংগ্রেস বিধায়কের কেন্দ্রে সমাজবাদী পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মীমাংসা এখনো হয়নি। নতুন করে জট লেগেছে আমেথি বিধানসভা কেন্দ্র নিয়ে।
কংগ্রেস ও সমাজবাদী পার্টির বোঝাপড়া অনুযায়ী আমেথি ও রায়বেরিলি লোকসভা কেন্দ্রের মোট দশটি বিধানসভা কেন্দ্র দুই দল সমানভাবে ভাগ করবে। সে অনুযায়ী আমেথি বিধানসভা কেন্দ্রটি সমাজবাদী পার্টি রেখেছে। সেখানে তাদের জেতা বিধায়ক গায়ত্রী প্রজাপতি এবারও মনোনয়ন পেয়েছেন। বিজেপি এই কেন্দ্রে বেছে নিয়েছে আমেথির রাজা সঞ্জয় সিংয়ের প্রথম স্ত্রী গরিমাকে। গরিমা সাবেক প্রধানমন্ত্রী মান্ডার রাজা বিশ্বনাথ প্রতাপ সিংয়ের ভাইঝি। তিনি চার ছেলেমেয়ে নিয়ে আমেথি রাজপ্রাসাদের একাংশ অনেক দিন ধরে দখল করে রেখেছেন।