সন্তান আসার আনন্দ রূপ নিচ্ছে আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে অপেক্ষা করছেন একজন সন্তানসম্ভবা নারী
ছবি: রয়টার্স

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাগৃতি এদালা বুঝতে পারেন তিনি সন্তানসম্ভবা। তিনি ও তাঁর স্বামী এ খুশি উদযাপনে অবকাশ কাটাতে যান। ওই সময়টা তাঁদের বিবাহবার্ষিকীও ছিল। ফলে দ্বিগুণ উৎসাহ ও আনন্দে ছুটি কাটান তাঁরা। তখন ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ প্রারম্ভিক পর্যায়ে ছিল। তবে এক মাসের মধ্যে পরিস্থিতি বদলে যায়। দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু রেকর্ড পরিমাণ বেড়ে যায়। ২৯ বছরের জাগৃতি নিজেকে একটি ঘরে আবদ্ধ করে ফেলেন। ভয়ে বাইরে যাওয়া বন্ধ করে দেন। কিন্তু তাঁর স্বামীকে নিয়মিত কাজে যেতে হতো। ভয়ের কারণে জাগৃতি বাড়ির অন্য সদস্যদের থেকেও আলাদা থাকতে শুরু করেন।

তত দিনে করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে টিকা কার্যক্রম জোরদার করেছে ভারত সরকার। তবে এতেও জাগৃতির ভয় কাটেনি। কেননা ভারত সরকারের কড়া নির্দেশ, সন্তানসম্ভবা নারীরা করোনার টিকা নিতে পারবেন না। এমনকি করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় সন্তানসম্ভবা নারীদের জন্য আলাদা করে সেবা পাওয়ার বিশেষ কোনো সুবিধাও নেই। আজ বুধবার বিবিসির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এসব কারণে করোনাকালে জাগৃতির মতো ভারতের সন্তানসম্ভবা নারীরা বেশ ভয় ও উৎকণ্ঠায় দিন পার করছেন।

বিবিসিকে জাগৃতি বলেন, ‘গত বছরের নভেম্বরে আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার শরীরে ভালো মাত্রায় করোনার প্রতিরোধ সক্ষমতা (অ্যান্টিবডি) থাকার কথা। এরপরও চিকিৎসক খুবই সতর্ক থাকতে বলেছেন। এ জন্য আমি বেশ ভয়ের মধ্যে আছি।’ তিনি আরও বলেন, ‘আমি এমন একজনকে চিনি, যিনি সন্তান ধারণের ৯ মাসের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন। সিজারে শিশুটির জন্ম হলেও মাকে ভেন্টিলেটরে নিতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি বেঁচে গেছেন। কিন্তু বেশ লড়তে হয়েছে।’

ইউনিসেফ সতর্ক করে বলেছে, সদ্যোজাত শিশু ও সন্তানসম্ভবা নারীর স্বাস্থ্যসেবা ঝুঁকির মুখে ফেলেছে কোভিড–১৯ মহামারি
ছবি: রয়টার্স

ভারতজুড়ে এমন আরও নানা ভয় ও উৎকণ্ঠার গল্প রয়েছে। দিল্লিতে ৩৫ বছর বয়সী একজন করোনায় তাঁর স্ত্রীকে হারিয়েছেন। তৃতীয় সন্তান জন্ম দেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় তাঁর স্ত্রী কোভিড-১৯-এ ভুগে মারা যান। এখনো শোক সামলে উঠতে পারেননি তিনি। বুঝতে পারছেন না, স্ত্রীকে ছাড়া তিন সন্তানকে একা একা কীভাবে বড় করবেন, দেখভাল করবেন।

‘করোনাকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না’, ভিডিও বার্তায় বলেছিলেন ভারতের কোভিড-১৯–এ আক্রান্ত একজন তরুণ চিকিৎসক। তখন তিনি সাত মাসের সন্তানসম্ভবা। করোনায় আক্রান্ত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে শেষ রক্ষা হয়নি। শিশুটি গর্ভেই মারা যায়। এক দিন পর মারা যান ওই তরুণ চিকিৎসক। তাঁর মৃত্যুর পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে কয়েক শ অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। তবে তাঁদের বিষয়ে আলাদা করে সরকারি তথ্য-উপাত্ত নেই। বিশেষত, ভারতের প্রত্যন্ত এলাকাগুলোয় পরিস্থিতি আরও ভয়াবহ। ওই সব এলাকার মানুষের মধ্যে করোনা পরীক্ষা করানোর হার এমনিতেই কম। আক্রান্ত হলে বিশেষ সেবা পাওয়ার সুযোগও অপ্রতুল। ফলে এসব এলাকায় করোনায় মৃত্যুর ঘটনা বেশি।

দিল্লির ফর্টিস লে ফেম হাসপাতালের প্রসূতি বিভাগের পরিচালক মীনাক্ষী আহুজা বলেন, ‘সন্তানসম্ভবা নারীদের জন্য কোনো টিকা নিরাপদ কি না, সেটা বুঝতে ১০ বছর ধরে গবেষণা করা প্রয়োজন। অথচ আমরা বাস্তবতার নিরিখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে করোনার টিকা বাজারে এনেছি। সরকার চেষ্টা করছে, তবে ভারতজুড়ে অন্তঃসত্ত্বা লাখ লাখ নারীকে করোনার টিকা দেওয়া পুরোপুরি নিরাপদ হবে কি না, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আশা করব, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে।’

ফেডারেশন অব গাইনোকলজিস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে সন্তানসম্ভবা নারীদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই করোনার টিকা নেওয়ার অনুমতি নিতে সুপারিশ করা হয়েছে।

মীনাক্ষী আহুজা বলেন, সন্তান পেটে থাকা অবস্থায় নারীরা কোভিড-১৯–এ আক্রান্ত হলে ঝুঁকি বেড়ে যায়। ফুসফুসের সংকোচনের কারণে তাঁদের পক্ষে স্বাভাবিক বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। তাঁদের জন্য দ্রুত বিশেষ চিকিৎসাসেবা প্রয়োজন হয়। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে চিকিৎসকেরা শিশুটির নিরাপদে জন্মদান নিশ্চিত করার চেষ্টা করেন। এমনকি নির্ধারিত সময়ের আগে হলেও। তবে এসব ক্ষেত্রে নবজাতকের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।

দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের প্রসূতিবিদ রুমা সাত্মিক বলেন, করোনা পজিটিভ যেসব সন্তানসম্ভবা নারীর শরীরে কোনো উপসর্গ নেই কিংবা মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে যাঁদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, হাসপাতালে ভর্তি হতে হয়েছে; তাঁদের বাড়তি চিন্তার কারণ রয়েছে। তিনি বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের সময় আমরা অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা দেখিনি। তবে দ্বিতীয় ঢেউয়ের সময় পরিস্থিতি বেশ খারাপ হয়েছে।’

রুমা সাত্মিক বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও গবেষণা ছাড়া সন্তানসম্ভবা নারীদের করোনার টিকা দেওয়া নিরাপদ হবে কি না, সেটা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছি। কেননা ভারতে এখন করোনার যে দুটো টিকা (কোভিশিল্ড ও কোভ্যাক্সিন) দেওয়া হচ্ছে, তা সন্তানসম্ভবা নারীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়নি।’

ভারতে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণে রেকর্ড হয়েছে দিনের পর দিন, তা চিন্তিত করে তুলেছে সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকা মায়েদের
ছবি: রয়টার্স

গত মাসে ব্রাজিলে কোভিশিল্ডের ডোজ নেওয়ার পর একজন সন্তানসম্ভবা নারী মারা যান। এরপর দেশটির সরকার সন্তানসম্ভবা নারীদের করোনার টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি রক্ত জমাট বাঁধার ঘটনা প্রকাশ পাওয়ায় কয়েকটি দেশ করোনার এ টিকার ব্যবহার সাময়িক বন্ধ রেখেছিল।

এ বিষয়ে মীনাক্ষী আহুজা বলেন, সন্তানসম্ভবা নারীরা রক্তে জমাট বাঁধার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এ কারণে চিকিৎসকেরা তাঁদের করোনার টিকা নেওয়ার অনুমতি দিতে দ্বিধায় রয়েছেন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সন্তানসম্ভবা নারীদের করোনার টিকা নেওয়ার অনুমতি দিয়েছে। এসব দেশে অন্তঃসত্ত্বা নারীরা ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনার টিকা নিতে পারেন।

সমালোচকদের মতে, করোনাকালে দেশজুড়ে লাখো সন্তানসম্ভবা নারীকে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। করোনায় আক্রান্ত হলে কয়েকটি বড় শহরে অল্প কিছু হাসপাতাল সন্তানসম্ভবা নারীদের ভর্তি নিচ্ছে। উচ্চ ঝুঁকিতে থাকা এসব নারীর স্বাস্থ্যসেবার বিষয়টি অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়েছে সরকার। এমনকি চিকিৎসকেরাও ভারতীয় সন্তানসম্ভবা নারীদের করোনার টিকা নেওয়ার অনুমতি দিতে দোলাচলে ভুগছেন।

তবে যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বিকল্প উপায় খুঁজে নিয়েছেন। বিবিসির প্রতিনিধি দিল্লির এমন একটি ধনী পরিবারের সঙ্গে কথা বলেছেন, যারা তাদের পরিবারের সন্তানসম্ভবা সদস্যকে যুক্তরাষ্ট্রে নিয়ে করোনার টিকা দিয়েছে। কারণ, তারা টিকার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে রাজি নয়। পরিবারের প্রিয় সদস্য ও তাঁর অনাগত সন্তানের জন্য ঝুঁকি নিতে চায়নি তারা।

২৯ বছরের অবনী রেড্ডি ও তাঁর চার মাস বয়সী শিশুসন্তান গত এপ্রিলে কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। তখন অবনী শিশুটিকে বুকের দুধ খাওয়াতেন। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা নারী ও যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়ান, করোনাকালে তাঁদের সুরক্ষার জন্য ন্যূনতম কোনো ব্যবস্থা রাখা হয়নি। আমি ভাগ্যবান যে আমার খুবই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু যদি আমার শরীরে মারাত্মক সংক্রমণ হতো, তাহলে আমার কী হতো?’