সন্তানের জন্য ভারতীয় নারীর অদ্ভুত আবদার!

কয়েক বছর আগে বিয়ে হয় ভারতের এক দম্পতির। এই সময়ের মধ্যে সন্তান হয়নি বা তারা নেননি। হঠাৎ স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন ওই নারী। সন্তান লাভের আসায় ওই নারী মৃত স্বামীর শুক্রাণু থেকে মা হতে চান বলে চিকিৎসকদের কাছে এক অদ্ভুত দাবি করে বসেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) চিকিৎসকেরা ওই দাবি নাকচ করে দিয়েছেন।
দাবি নাকচের কারণ হিসেবে চিকিৎসকেরা বলেন, এ বিষয়ে কোন নির্দেশনা নেই।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন স্বামী মারা গেলে তার শুক্রাণুতে সন্তানের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এক নারী। সদ্য স্বামী হারানো এক নারীর ওই অদ্ভুত আবদার শুনে প্রথমে কী করবেন ভেবে উঠতে পারেননি চিকিৎসকেরা। শেষে এ বিষয়ে নিয়মাবলি ঘেঁটে দেখেন তারা। স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় নিরুপায় হয়ে ওই নারীর আবদার ফিরিয়ে দিতে বাধ্য হন চিকিৎসকেরা। তাদের কিছু করার ছিল না। শ্বশুরবাড়ির লোকজন এ নিয়ে ওই নারীর পাশেও দাঁড়ান। কিন্তু আইন না থাকায় ওই নারীর আপাতত আর মা হওয়ার বাসনা পূরণ হলো না।
এআইআইএমএস এর ফরেনসিক বিভাগের প্রধান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘শুক্রাণু আহরণ একটি সহজ প্রক্রিয়া। এটা পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়। কিন্তু এর সঙ্গে নৈতিকতা ও আইনগত বিষয় জড়িত আছে।’ তিনি আরও বলেন, মৃত্যুর পর একদিন পর্যন্ত শুক্রাণু মানুষের টেস্টিকুলার গহ্বরে বেঁচে থাকতে পারে।