সন্ত্রাস রুখতে ভারত ও রাশিয়া আরও একবার অঙ্গীকারবদ্ধ হলো। দুই দেশের দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের পর গতকাল শনিবার যৌথ বিবৃতিতে এই অঙ্গীকারের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা, শক্তি ও অন্যান্য বাণিজ্যিক বিষয়ে মোট ১৬টি চুক্তি হয়েছে।
দ্বিপক্ষীয় এই বৈঠকের পর পুতিনকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেন, ‘দুজন নতুন বন্ধুর চেয়ে একজন পুরোনো বন্ধু ভালো।’ পাশে বসা রুশ প্রেসিডেন্ট আবেগহীন কণ্ঠে বলেন, ‘সন্ত্রাস রোখাই আমাদের প্রধান কাজ।’
ব্রিকস-এর অষ্টম শীর্ষ সম্মেলন ভারতের পশ্চিম প্রান্তের সমুদ্রতীরবর্তী রাজ্য গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বিমসটেক-এর সদস্যদেশগুলোকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস পারস্পরিক স্বার্থ, সন্ত্রাসবাদ ও অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে প্রতিবছর শীর্ষ সম্মেলনে আলোচনা করে থাকে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার স্বার্থে ১৯৯৭ সালে বিসটেক গঠিত হয়। পরে তা বিমসটেকে রূপান্তরিত হয়। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা—এই চার দেশের উদ্যোগে মিয়ানমার, ভুটান ও নেপাল যোগ দেয়। ব্রিকসের পাশাপাশি বিমসটেক আউটরিচ করার উদ্দেশ্য ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা। আজ রোববার সেই বৈঠক।
ব্রিকসের আসরে গতকাল প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হয় ভারত ও রাশিয়ার মধ্যে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের উষ্ণতায় সম্প্রতি কিছুটা শৈত্য দেখা গিয়েছিল। কারণ ছিল পাকিস্তানের প্রতি রাশিয়ার নরম মনোভাব। সীমান্তপারের সন্ত্রাসে জেরবার ভারত আপত্তি জানিয়েছিল পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ায়। প্রাচীন মিত্র ভারতের সেই আপত্তিকে আমল দেয়নি রাশিয়া। উরি আক্রমণের কড়া নিন্দা করলেও রাশিয়া তার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি। সেই শৈত্য ব্রিকস-এর আসরে ফের উষ্ণতায় পরিণত হয় কি না, সে বিষয়ে যথারীতি আগ্রহ দানা বেঁধেছিল। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘রাশিয়ার ওপর ভারতের পূর্ণ ভরসা রয়েছে। ভারতের বিশ্বাস, রাশিয়া এমন কিছু করবে না, যা ভারতের হিতের পরিপন্থী।’
রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কে কিছুটা ভাটার টান চলছিল। পুতিনের সঙ্গে বৈঠকের পর সেই সম্পর্কে এখন আবার জোয়ারের টান। গতকাল ঠিক হয়েছে, পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়া থেকে ভারত দূরপাল্লার এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্র কিনবে। এ ছাড়া প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্ন সার্থক করতে চারটি অত্যাধুনিক ফ্রিগেট ও কামোভ হেলিকপ্টার যৌথভাবে উৎপাদনে রাশিয়া রাজি হয়েছে। গতকাল যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়।