সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে একহাত নিলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে একহাত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গিগোষ্ঠী আইএস, আল-কায়েদা ও বোকো হারামের সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) তুলনা করেন তিনি। বলেন, এসব জঙ্গি সংগঠনের নাম ভিন্ন হলেও মতাদর্শ একই, তা হলো হিংসা ছড়ানো এবং নৃশংসতা চালানো।

পাকিস্তানের দিকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদি বলেন, কিছু দেশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সন্ত্রাসবাদকে ব্যবহার করে থাকে।

শুক্রবার জার্মানির হামবুর্গে দ্বাদশ ‘জি-২০’ শীর্ষ সম্মেলন উপলক্ষে জড়ো হয়েছিলেন দুনিয়ার ২০টি শিল্পোন্নত দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেখানে নিজের বক্তৃতায় নাম উল্লেখ না করেই পাকিস্তানকে একহাত নেন মোদি। শীর্ষ সম্মেলনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংসহ আরও অনেকে। তাঁদের সামনেই আক্ষেপ করে মোদি বলেন, বিশ্ব সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক দেশগুলোকে আরও সক্রিয় হতে হবে। এ জন্য সব দেশকে একত্র হওয়ার আহ্বান জানান তিনি।

জি-২০ সম্মেলনের বিবৃতিতে জঙ্গিদের ‘নিরাপদ স্বর্গ’-এর বিষয়টি সামনে আসে। বিশ্বের কোথাও সন্ত্রাসবাদে অর্থায়ন করার ‘নিরাপদ স্থান’ থাকবে না বলেও বলা হয় তাতে। ভারতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, জঙ্গিদের নেটওয়ার্ক যতটা শক্তিশালী, ততটা শক্তিশালী রাষ্ট্রগুলোরও না।

বৈঠকে ১১ দফা ‘বিষয়সূচি’ও পেশ করেন মোদি। এর মধ্যে ছিল জি-২০ দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর নামের তালিকা বিনিময় থেকে শুরু করে জঙ্গিদের আর্থিক সাহায্য এবং অস্ত্রের জোগান বন্ধ করার মতো বিষয়গুলো।