সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে ৭০ হাজার আলেমের ফতোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে আয়োজিত একটি ওরস থেকে ৭০ হাজার আলেম বিশ্বের ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফতোয়ায় আলেমরা বলেন, তালেবান, আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সংগঠনগুলো কোনো ইসলামি সংগঠন নয়। ওই সংগঠনগুলোর সদস্যদেরও তাঁরা প্রকৃত মুসলিম মনে করেন না। উত্তর প্রদেশের আলা হজরত দরগায় অনুষ্ঠিত বার্ষিক ওরসে সারা বিশ্ব থেকে অংশ নেওয়া ১৫ লাখ মুসলিম বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে স্বাক্ষর করেছেন।
ফতোয়া দেওয়া অন্যতম আলেম মুফতি মোহাম্মেদ সালেম নুরি তালেবান, আল-কায়েদা ও আইএসের মতো সংগঠনগুলোকে ‘মুসলিম সংগঠন’ না বলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত চলা তিন দিনের ওরসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৭০ হাজার আলেম অংশ নেন। তাঁরা সর্বসম্মতভাবে এই ফতোয়া দেন।
আলেমরা সিরিয়ায় ফ্রান্স ও অন্যান্য দেশের বিমান হামলারও প্রতিবাদ করেন। তাঁরা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা করতে গিয়ে সিরিয়ায় নারী, শিশুসহ অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে।
দরগা আলা হজরতের চেয়ারপারসন সুবহান রাজা খান বলেন, গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পরপরই সিদ্ধান্ত হয় যে এ বছরের ওরসে ফতোয়াটি দেওয়া হবে। যাতে করে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে যায় যে মুসলমানরা সন্ত্রাসবাদকে নিন্দা করে।