সন্ত্রাসী হামলা আশঙ্কা, ভারতে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সন্ত্রাসী হামলা ঠেকাতে বিভিন্ন রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত পাঁচ রাজ্যে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।
গতকাল উত্তরাখন্ড রাজ্য থেকে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ কর্ণাটক থেকে ছয়জন, অন্ধ্র প্রদেশ থেকে চারজন, মুম্বাই ও উত্তর প্রদেশ থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আইএসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত কয়েক মাস ধরে তারা সবাই এনআইএর নজরদারিতে ছিলেন। প্রজাতন্ত্র দিবসে দেশ জুড়ে বড়সড় হামলা চালানোর পরিকল্পনার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলের সব রাজ্যকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সতর্কতার অন্যতম কারণ হলো এবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের উপস্থিতি। প্যারিসের সন্ত্রাসী আক্রমণের ধাঁচে আইএস ভারতেও হামলা চালানোর ছক করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। বেঙ্গালুরুতে ফ্রান্সের কনস্যুলেট বৃহস্পতিবার একটি চিঠি আসে। চেন্নাই থেকে পোস্ট করা সেই চিঠিতেও হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।
সতর্কতার অন্য কারণ হলো সম্প্রতি দুটি গাড়ি চুরি হওয়া। একটি গাড়ি আধা সামরিক বাহিনী আইটিবিপির এক ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তার। দিনকয়েক আগে দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় গাড়িটি চুরি হয়। এখন পর্যন্ত সেই গাড়ির হদিস মেলেনি। দ্বিতীয় গাড়িটি হলো একটি ট্যাক্সি। পাঞ্জাবের পাঠানকোট থেকে তিন ব্যক্তি ট্যাক্সিটি ভাড়া করে। গত বুধবার পাঞ্জাবেরই কাঙ্গারা জেলা থেকে সেই ট্যাক্সিচালক বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার হয়। ট্যাক্সির কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও গোয়েন্দারা এই গাড়ি চুরির ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালানোর আগে জঙ্গিরা পাঞ্জাব পুলিশের এক সুপারের সরকারি গাড়ি এবং একটি ট্যাক্সি ছিনতাই করেছিল। ট্যাক্সি চালককে তারা মেরেও ফেলে। এ কারণে পুরো দেশে, বিশেষ করে উত্তর ভারতের সর্বত্র সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুটি গাড়ির জন্যই চিরুনি তল্লাশি চলছে সর্বত্র। চারদিকে ট্যাক্সি ও সন্দেহভাজন তিন জঙ্গির ছবিও টাঙানো হয়েছে।
বিশেষ করে গাড়ি চুরির ঘটনা দিল্লি পুলিশকে ভাবাচ্ছে। সে জন্য প্রতিটি মানুষকে বিশেষ সতর্ক থাকতে বলেছেন দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি। সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিদিনই বৈঠক হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এমনই এক বৈঠকে বলেছেন, এবার আইএস-ই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আরও বড় হয়ে উঠেছে ফ্রান্সের প্রেসিডেন্টের উপস্থিতির কারণে।
প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথে ভারতীয় সেনানীদের পাশাপাশি ফ্রান্সের সেনাসদস্যরাও কুচকাওয়াজ করবেন। এর আগে কখনো অন্য কোনো দেশের সেনাসদস্যরা এই বিশেষ দিনে রাজপথে কুচকাওয়াজ করেননি। প্রেসিডেন্ট ওলাঁদের নিরাপত্তায় ফরাসি গোয়েন্দারাও দিল্লিতে হাজির হয়েছেন। ভারতীয়দের সঙ্গে তাঁরা হাতে হাত মিলিয়ে কাজ করছেন।