সন্ত্রাসী হামলায় বাংলাদেশের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেনি: ডেপুটি স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী বলেছেন, সন্ত্রাসী হামলার ঘটনার পর বাংলাদেশের জীবনযাত্রায় কোনো ছন্দপতন ঘটেনি। বাংলাদেশ স্বাভাবিক ছিল এবং এখনো স্বাভাবিক রয়েছে। আজ সোমবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আয়োজিত স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফজলে রাব্বী।
এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী বলেন, বাংলাদেশে সন্ত্রাসী বা জঙ্গিদের কোনো স্থান নেই। এ দেশের মাটি জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ এক হয়ে এই সন্ত্রাসী ও জঙ্গিদের মোকাবিলা করবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। সাম্প্রদায়িক ভেদাভেদ নেই।
সমাজসেবা, বাংলাভাষার রক্ষার্থে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীকে স্বর্ণপদক প্রদান করে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি। ফজলে রাব্বীকে স্বর্ণ পদক পরিয়ে দেন আচার্য দীনেশ চন্দ্র সেন সার্চ সোসাইটির সভাপতি স্বপন মুখোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক ও দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ওসমান গনি।