সন্ত্রাসে উসকানির অভিযোগ অস্বীকার জাকির নায়েকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ভারতের ইসলামি বক্তা জাকির নায়েক। তিনি বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সৌদি আরবের পবিত্র মদিনা থেকে গতকাল শুক্রবার সকালে স্কাইপিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে এ বছর নিজ দেশ ভারতে ফিরছেন না বলে জানিয়েছেন জাকির নায়েক। ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এ নিয়ে জাকির নায়েক ভারতে ফেরার তারিখ কয়েক দফা পেছালেন।

গুলশান হামলার পরপরই তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচারও বাংলাদেশে বন্ধ করে দেয় দেশটির সরকার।

গুলশানে রেস্তোরাঁয় হামলা চালানো জঙ্গিদের কারও সঙ্গে আগে জাকির নায়েকের সাক্ষাৎ হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জানামতে, কখনোই কোনো সন্ত্রাসীর সঙ্গে আমি সাক্ষাৎ করিনি। কেউ যদি আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চায়, আমি হেসে স্বাগত জানাই। তবে তাঁদের পরিচয় আমি জানি না।’

সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে জাকির নায়েক বলেন, ‘এটা একটা ভুল তথ্য।’ তাঁর দাবি, তিনি সব সময়ই নিরপরাধ মানুষ হত্যার নিন্দা জানিয়ে এসেছেন এবং এ ধরনের হত্যাকাণ্ড ‘ইসলামবিরোধী’।

এ বছর নিজ দেশ ভারতে ফিরবেন না বলে জানালেও জাকির নায়েক পুরো সময়টা কোথায় কাটাবেন, সে ব্যাপারে কিছু বলেননি। যুক্তরাজ্য ও কানাডার মতো কয়েকটি দেশে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা আছে। ঢাকায় জঙ্গি হামলার পরপরই ভারতের কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে কয়েকটি তদন্ত শুরু করেছে।