সন্ত্রাসের আবহে কলকাতায় পৌর নির্বাচন

ব্যাপক সন্ত্রাস, বোমাবাজি আর বুথ দখলের মধ্য দিয়ে আজ শনিবার কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, বোমাবাজি, বিরোধীদের ওপর হামলা, ভোটযন্ত্র ভাঙচুর, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কলকাতার বেনিয়াপুকুরে বামফ্রন্টের প্রার্থী ফুয়াদ হালিমের ওপর গুলি চালায় তৃণমূল সমর্থকেরা। টেংরা, বাঁশদ্রোনী ও নারকেলডাঙায় বিরোধী এজেন্টদের বের করে দিয়ে বুথ দখল করে নেয় তারা। বাগবাজারে বিজেপির প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর করে তৃণমূল সমর্থকেরা। বেলগাছিয়ায় তৃণমূল সমর্থকেরা ভোট লুট করে। গার্ডেনরিচসহ বিভিন্ন এলাকায় সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয় তারা।
তৃণমূলের হামলায় সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলির ছেলে আহত হয়েছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ভোটের নামে এবার প্রহসন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, আজকের নির্বাচনে সন্ত্রাসীদের হামলায় তাঁদের ৭৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ নির্বাচনে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
আজকের নির্বাচনকে প্রহসন আখ্যা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা পুনঃ নির্বাচনের দাবি করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তিনি। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বলেছেন, মানুষের সমর্থন হারিয়ে তৃণমূল এবার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।
এবার কলকাতা পৌরসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন এক হাজার ৭৫ জন প্রার্থী। ভোটার ছিল ৩৭ লাখ ৫৩ হাজার ২৫৬ জন। মূল লড়াই হয়েছে তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস ও বিজেপির প্রার্থীদের মধ্যে। ২৮ এপ্রিল ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।