সন্ত্রাসের কোনো জাত-ধর্ম হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন। গতকাল শুক্রবার লোকসভায় তিনি বলেন, পূর্বতন ইউপিএ সরকারের আমলে ‘হিন্দু সন্ত্রাসবাদের’ উল্লেখ করা হয়েছিল। এর ফলেই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই দুর্বল হয়ে পড়ে। রাজনাথ বলেন, সন্ত্রাসের কোনো জাত-ধর্ম হয় না।
সংসদের অচলাবস্থার মধ্যেই রাজনাথ পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় গত সোমবারের সন্ত্রাসী হামলা নিয়ে বিবৃতি দেন। গত বৃহস্পতিবার এই বিষয়ে তাঁর বিবৃতির সময় কংগ্রেসসহ বিরোধীরা প্রবল চিৎকার-চেঁচামেচি করেছিলেন। গতকালও মন্ত্রীদের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখালেও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি তাঁরা শান্ত হয়ে শোনেন। সেই সুযোগে রাজনাথ বলেন, ইউপিএ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী (কংগ্রেসের সুশীল কুমার সিন্ধে) এই লোকসভাতেই ‘হিন্দু সন্ত্রাসবাদ’-এর উল্লেখ করে সন্ত্রাসের ধর্মীয়করণের চেষ্টা করেছিলেন। ফলে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই কমজোরি হয়ে যায়। এতটাই যে, মুম্বাই হামলার খলনায়ক হাফিজ সাঈদ ওই শব্দচয়নের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন।
রাজনাথের এই বিবৃতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধীরা আবার লোকসভায় বিক্ষোভ দেখাতে থাকেন। সভাও মুলতবি হয়ে যায়। বেলা দুইটায় সভা আবার বসলে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে ও তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই যে এককাট্টা, তার প্রমাণ তাঁর বিবৃতির সময় বিক্ষোভ না দেখানো। কিন্তু রাজনাথ বিবৃতির বাইরে যেসব কথা বললেন, তাতে তিনিই এই লড়াই কমজোরি করে দিলেন। কংগ্রেস নেতা আনন্দ শর্মা পরে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, বিজেপি নেতৃত্ব সন্ত্রাসের ধর্মীয়করণ করেছে। তাঁরা মনে করেন, এক বিশেষ ধর্মাবলম্বীরাই যেন সন্ত্রাসের সঙ্গে যুক্ত।
রাজনাথের বিবৃতিতে বলা হয়, যে তিন সন্ত্রাসী গুরুদাসপুরের দীননগর থানা আক্রমণ করে, তারা সবাই পাকিস্তান থেকে রাভি নদী পেরিয়ে ভারতে ঢুকেছিল। তাদের কাছ থেকে তিনটি একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, প্রচুর গুলি ও দুটি ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ (জিপিএস) যন্ত্র পাওয়া গেছে। ‘জিপিএস’ থেকেই জানা যাচ্ছে তারা পাকিস্তান থেকে ভারতে ঢোকে।