সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ শ্রদ্ধা রবীন্দ্রসদনে, সন্ধ্যায় শেষকৃত্য
আধুনিক বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ বুধবার তাঁর মরদেহ কলকাতার রবীন্দ্রসদন চত্বরে রাখা হবে। আর আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
গত ২৬ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। গতকাল মঙ্গলবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
গতকাল সন্ধ্যায় শিল্পীর প্রয়াণের পর তাঁর মরদেহ রাখা হয় কলকাতার পৌর করপোরেশনের হিমঘর পিস ওয়ার্ল্ডে। আজ বুধবার দুপুর ১২টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর মরদেহ রাখা হবে কলকাতার রবীন্দ্রসদন চত্বরে। সেখানেই গুণী এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন রাজ্যের সর্বস্তরের মানুষ ও ভক্তরা। রবীন্দ্রসদনে মরদেহ রাখা হবে বিকেল পাঁচটা পর্যন্ত। তারপর সন্ধ্যায় সেখান থেকে মরদেহ শেষকৃত্যের জন্য নেওয়া হবে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে বসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পান। এরপর তিনি তাঁর সফর কাটছাঁট করে আজই ফিরছেন কলকাতায়। তিনিও আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘ভাবতেই পারিনি এভাবে তিনি চলে যাবেন। কী যে হয়ে গেল! একটা শতাব্দীর কেউ রইল না আজ! আমি আজ আমার অগ্রজাকে হারালাম।’
শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি মর্মাহত। এই শিল্পীর প্রয়াণে আমাদের সংস্কৃতিজগৎ আরও শূন্য হলো। তাঁর সুরেলা কণ্ঠস্বর আগামী প্রজন্মকে বিমোহিত করে রাখবে। শিল্পীর পরিবার–পরিজনের প্রতি রইল আমার সমবেদনা।’
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর গণ-আন্দোলনে যোগদান ইতিহাস হয়ে থাকবে। আমাদের সংগীতজগতের বিশাল ক্ষতি হয়ে গেল।’
কলকাতার সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরাও সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
ওস্তাদ রশিদ খান বলেছেন, ‘দিদি নেই ভাবতেই পারছি না। সংগীতজগতের এত বড় ক্ষতি পূরণ করার নয়।’
পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘কোনো ভাষা নেই। তিনি ছিলেন আমার গুরুবোন। আজ গানের স্বপ্ন দেখানোর মানুষটি চলে গেলেন।’
সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছেন, বাঙালিরা ভুলতে পারবেন না তাঁর কণ্ঠস্বর। তিনি ছিলেন এক ভালোবাসার মানুষ।
আরতি মুখোপাধ্যায় বলেন, ‘আমার পদুচেরির বাড়িতে দিদির আর যাওয়া হলো না।’
হৈমন্তী শুক্লা বলেছেন, ‘সন্ধ্যাদি আজ নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমায় এখন শাসন করবে কে?’
উষা উত্থুপ বলেছেন, ‘ওঁর গলায় জাদু ছিল ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়।’
অন্তরা চৌধুরী বলেছেন, ‘আমার বাবা সলিল চৌধুরী ওনাকে বোনের মতো দেখতেন। ওনার মৃত্যুকে মেনে নিতে পারছি না।’
একসময় প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের কণ্ঠ হয়ে উঠেছিলেন সন্ধ্যা। তাঁর মৃত্যুতে সুচিত্রার মেয়ে মুনমুন সেন বলেছেন, ‘চলে গেল মায়ের কণ্ঠ।’