সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চাই: কোবিন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল ঘোড়ার গাড়িতে চড়ে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে যান l ছবি: এএফপি
ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল ঘোড়ার গাড়িতে চড়ে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে যান l ছবি: এএফপি

বিদায়ী ভাষণে যে কথা বলেছিলেন প্রণব মুখার্জি, সেই বহুত্ববাদিতা ও সহিষ্ণুতার সুরই ভেসে উঠল নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায়। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় ভারতীয় সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে শপথবাক্য পাঠ করার পর প্রথম ভাষণে রামনাথ কোবিন্দের কণ্ঠে চিরায়ত ভারতের ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’-এর সুর ধ্বনিত হলো।

চতুর্দশ রাষ্ট্রপতি বললেন, দেশে নানা জাতি নানা ধর্ম নানা বর্ণের মানুষের বাস। তাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখাই তাঁর উদ্দেশ্য। ঐক্য থাকলেই অগ্রগতি সম্ভব।

জাতপাতের নিরিখে ৭১ বছর বয়সী রাষ্ট্রপতি দলিত। বাড়ি উত্তর প্রদেশের কানপুরের অখ্যাত এক গ্রামে। দরিদ্র পরিবারের সন্তান হয়েও লেখাপড়া করে বড় হয়ে আজ তিনি ১২৫ কোটির দেশের এক নম্বর নাগরিক। নিজের ওই অতিসাধারণ জীবনের উল্লেখ করে কোবিন্দ বলেন, ‘দেশের সব নাগরিকই রাষ্ট্রনির্মাতা। প্রত্যেকেই নিজের মতো করে এই রাষ্ট্র নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যে কৃষক প্রতিদিন মাঠে ফসল ফলান, যে শ্রমিক ঘাম ঝরিয়ে কিছু তৈরি করেন, যে বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করছেন, যে শিক্ষক প্রতিদিন শিক্ষা দান করছেন, প্রত্যেকেই রাষ্ট্রনির্মাতা। গৃহবধূ রাষ্ট্র নির্মাণ করছেন তাঁর মতো করে, একজন পুলিশ অন্যভাবে। প্রতিদিনের এসব ছোট-বড় কাজ নিয়ে আমি গর্বিত। আমি গর্বিত ভারতের মাটি, তার পানি, তার সংস্কৃতি নিয়ে। দেশের প্রত্যেক নাগরিককে নিয়ে আমি গর্বিত। প্রাচীন ভারতের জ্ঞান ও সমকালীন বিজ্ঞানকে সঙ্গী করে আমাদের এগোতে হবে।’

মঙ্গলবার সকালে রামনাথ কোবিন্দ যান রাজঘাটে, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে। দুপুর সোয়া ১২টায় সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহর। শপথ গ্রহণের পরেই ২১ তোপধ্বনির মাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়।

সেন্ট্রাল হল ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পুরো মন্ত্রিসভা, সোনিয়া গান্ধী, মনমোহন সিংসহ বিরোধী দলের সব প্রথম সারির নেতা-নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথসহ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। সবাইকে সাক্ষী রেখে বিজেপির আদর্শ ও নীতিতে বিশ্বাসী প্রথম ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, তিনি তাঁর পূর্বসূরি ড. রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবদুল কালাম ও প্রণব মুখার্জির পদাঙ্ক অনুসরণ করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে প্রথানুযায়ী নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাশে বসিয়ে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে নতুন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। নতুন রাষ্ট্রপতিকে কার্যভার বুঝিয়ে দেন বিদায়ী রাষ্ট্রপতি। এরপর ১০ রাজাজি মার্গের সরকারি বাসভবনে প্রণব মুখার্জিকে পৌঁছে দেন রামনাথ কোবিন্দ।