উত্তরবঙ্গের সঙ্গে বীরভূমের ভোট গ্রহণ হলেও ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আজকের দ্বিতীয় পর্বে সবার নজর বীরভূমের দিকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের এ জেলার বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের ওপর নির্বাচন কমিশনের নজরদারি, জেলা পুলিশ সুপারসহ তিন থানার ওসি প্রত্যাহার—এসব কিছুই বীরভূমের দিকে মানুষের দৃষ্টি ফেরাতে বাধ্য করছে।
তৃণমূলের দাপুটে নেতা অনুব্রতের নেতৃত্বে ২০১৩ সালের পঞ্চায়েত ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। রাজ্য পুলিশের মদদে ও নির্বাচন কমিশনের উদাসীনতার সুযোগে ওই দুই ভোটের সময়েই বিরোধীদের তৃণমূলের গুন্ডাবাহিনী ঘর থেকে বেরোতেই দেয়নি। ফলে, বিরোধী এজেন্ট-শূন্য বুথগুলোতে শাসক দলের লোকজন যথেচ্ছ ছাপ্পা ভোট মেরেছিল। এবারও ভোটের মুখে অনুব্রত শাসিয়ে রেখেছিল, ভোটের দিন বিরোধীদের লড়াইয়ের ময়দান থেকে ‘ভ্যানিশ’ করে দেবে। এরপরই নির্বাচন কমিশনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে বিরোধী দলগুলোর তরফে। বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী বাংলা সিনেমার অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও কমিশনের কাছে লিখিত অভিযোগে অনুব্রতকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কারণ, তার আগে অনুব্রত ভোটের প্রচারে গিয়ে লকেটের প্রতি ছাপার অযোগ্য বিশেষণ প্রয়োগ করেন।
পরিস্থিতি বুঝে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে। দিল্লি থেকে কলকাতায় এসে সব খতিয়ে দেখে বৃহস্পতিবারই মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কৈফিয়ত তলব করা হয়েছে। তারপর বীরভূমের পুলিশ সুপার মুকেশ কুমারকে অবিলম্বে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় অন্য একজনকে নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে বোলপুর, লাভপুর ও ময়ূরেশ্বর, বীরভূমের এই তিন থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু নির্বাচন কমিশনের এত সব ব্যবস্থা সত্ত্বেও রাজ্যে মমতার সমর্থন পেয়ে চাঙা অনুব্রত- ‘কে কমিশন? কোন কমিশন?’ জাতীয় তাচ্ছিল্যসূচক মন্তব্য করছেন। মমতা নিজে আরও তীব্র ভাষায় কমিশনকে আক্রমণ করতে শুরু করেছেন। তাঁর দাবি, কমিশন তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে, কলকাতার পুলিশ কমিশনারকে ভোটের মধ্যেই সরিয়ে দিয়ে বাংলার মানুষকে অপমান করছে। এর জবাব ১৯ মে ভোটের ফল বেরোলে কমিশন পাবে। একই সঙ্গে মমতার দাবি, অনুব্রতকে গ্রেপ্তার করতে হলে সিপিএমের মহম্মদ সেলিম, বুদ্ধদেব ভট্টাচার্যদেরও গ্রেপ্তার করতে হবে।
এই প্রবল উত্তেজনার আবহের মধ্যেই আজ ভোট হতে চলেছে বীরভূমে। বীরভূমের ভারপ্রাপ্ত সিপিএম নেতা গৌতম ঘোষের অভিযোগ, যে পুলিশ সুপারকে কমিশন সরিয়ে দিয়েছে, সেই মুকেশ কুমারই তৃণমূলের নির্দেশে সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে সরিয়ে দেওয়ার ফলে তৃণমূলের পরিকল্পনা কিছুটা ধাক্কা খেয়েছে। জেলার প্রশাসনও এখন কিছুটা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম বলেন, অনুব্রতকে কমিশন ভোটের সময় গ্রেপ্তার না করলেও জেলার বাইরে বের করে দিলেই ওদের মনোবল ভেঙে যাবে।
আজকের দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গের সাত জেলার ৪৫টি ও দক্ষিণবঙ্গের বীরভূমের ১১টি মিলিয়ে বিধানসভার ৫৬টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম পর্বের দুই দফার ভোটে বেশ কিছু জায়গায় অবাধে শাসক দলের ক্যাডারবাহিনী বিনা বাধায় সন্ত্রাস ও বুথ দখল করায় বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের কাছে প্রবল ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের একাংশও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ভোটের সময় শাসক দলের গুন্ডামি ও সন্ত্রাস বন্ধ করার আবেদন জানিয়েছেন।