সমবেদনা জানাতে গিয়ে সঙ্গে নিলেন এসি!

পাকিস্তানি সেনাদের হাতে সম্প্রতি নিহত এক জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাশ্মীর সীমান্তে নিহত দুই ভারতীয় জওয়ানের একজন প্রেম সাগরের বাড়িতে ঘটে এ ঘটনা। ভারতের অভিযোগ, পাকিস্তানি সেনারা তাঁদের দেহ বিকৃত করেছিল, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।
নিজ রাজ্য উত্তর প্রদেশ থেকে দুর্নীতি ও নানা অনিয়ম দূর করতে অনেক কথা বলেছেন নতুন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কিন্তু জওয়ান শোকাতুর পরিবারকে দেখতে যাওয়ার সময় তাঁর সঙ্গেই নিয়ে যাওয়া হয় বহনযোগ্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও আরামদায়ক সোফা। সাক্ষাৎ শেষে ফিরে যাওয়ার সময় আবার সেগুলো সঙ্গে করে নিয়েও গেছেন। এ নিয়ে শুরু হয় সমালোচনা।
মুখ্যমন্ত্রীর পরিদর্শনে এমন বিলাসের আয়োজনকে প্রেম সাগরের পরিবার ‘অপমান’ বলেই আখ্যা দিয়েছে।
যোগী আদিত্যনাথের স্বল্প সময়ের সফরকে আরামদায়ক করতে রাজ্য প্রশাসন তাঁর জন্য নিম্নবিত্ত প্রেম সাগরের বাসায় ব্যবস্থা করে এসি, কার্পেট, সোফা; এমনকি মুখ মোছার তোয়ালে পর্যন্ত। তবে পরিবারটির সদস্যদের এগুলোর কিছুই দেওয়া হয়নি। সমবেদনা জানিয়ে ফিরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফেরত নিয়ে যাওয়া হয় এ আয়োজনের সবই।
এ নিয়ে প্রেম সাগরের ছেলে ‘ঈশ্বর’ বলেন, বাসার যে কক্ষে বসে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন, সেখানে এসি লাগানো হয়। তিনি চলে যাওয়ার পরপরই কয়েকজন কর্মকর্তা এসে সব গুটিয়ে নিয়ে চলে গেলেন। আর নিহত সেনার ভাই ও বিএসএফের সদস্য দয়া শঙ্কর বলেন, এটা একটা অপমান।