সমস্যা কাটছে না আম আদমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির শাসক দল আম আদমি পার্টিকে (এএপি) ঘিরে সমস্যা ও বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। অরবিন্দ কেজরিওয়াল এক বছর আগে আরেকবার নির্বাচনে জিতে ক্ষমতার অধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন, দ্বিতীয়বারে সেই বিবাদ তীব্রতর হয়েছে।
দিল্লির উপরাজ্যপাল নাজিব জংয়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ক্রমে বেড়েই চলেছে। পুলিশ, আইনশৃঙ্খলা ও নগরোন্নয়ন-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কার—কেজরিওয়াল সরকারের, না উপরাজ্যপালের—তা নিয়ে শুরু হয়েছে বিবাদ। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নির্দেশ, সব ফাইল তাঁর মারফত যাবে। অন্যদিকে উপরাজ্যপালের আদেশ, সবকিছু তাঁর কাছে পাঠাতে হবে। এই বিবাদের কারণে প্রশাসনিক সমস্যা যেমন বাড়ছে, সিদ্ধান্ত গ্রহণে যেমন বিলম্ব হচ্ছে, তেমনই খারাপ হচ্ছে মুখ্যমন্ত্রী-উপরাজ্যপাল সম্পর্ক। বাড়ছে প্রশাসনিক ও সাংবিধানিক সংকট।
এ সংকট তীব্রতর হয় এএপির ডাকা বিক্ষোভ সমাবেশে এক কৃষকের আত্মহত্যার ঘটনায়। দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব এতে এতটাই বেড়ে গেছে যে রাজ্য সরকারের কোনো নির্দেশই দিল্লি পুলিশ মানছে না। প্রশাসনিক এই সংকটের মধ্যেই এএপির অভ্যন্তরীণ সংকট দেখা দেয় আইনমন্ত্রী জিতেন্দ্র সিং টোমারকে নিয়ে। নির্বাচনের সময়ই তাঁর বিরুদ্ধে অসত্য হলফনামা দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন সেই অভিযোগ তীব্রতর হয়েছে তাঁর ভুয়া আইনের ডিগ্রি নিয়ে। যে দুই প্রতিষ্ঠান থেকে টোমার ডিগ্রি পেয়েছেন বলে দাবি করেছেন, সেই দুই প্রতিষ্ঠান জানিয়েছে, টোমারের দেওয়া রোল নম্বর ভুয়া। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, টোমারের সঙ্গে কথা বলে তিনি নিজে তাঁর ডিগ্রি নিয়ে সন্তুষ্ট।
তৃতীয় সংকটটি নারীঘটিত। এএপির শীর্ষস্থানীয় নেতা কুমার বিশ্বাসকে দিল্লির মহিলা কমিশন তলব করেছে এক নারীর অভিযোগের ভিত্তিতে। এএপির স্বেচ্ছাসেবী হিসেবে পরিচয় দেওয়া সেই নারীর অভিযোগ, দলের নেতা কুমার বিশ্বাসের সঙ্গে তাঁর কথিত ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে প্রচারের ফলে স্বামী তাঁকে ত্যাগ করেছেন। গত লোকসভা নির্বাচনে কুমার বিশ্বাস যখন আমেথিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছিলেন, তখনই ওই নারীর সঙ্গে কুমারের ‘সম্পর্ক’ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রচার শুরু হয়। বিপর্যস্ত সেই নারী বলছেন, তিনি কুমার বিশ্বাসকে চিঠি লিখে ওই রটনার বিরুদ্ধে সরব হওয়ার অনুরোধ জানান। কুমার সেই আবেদনে সাড়া না দিয়ে তাঁকে পুলিশে যেতে বলেন।
এসব বিতর্ক সামাল দিতে কেজরিওয়াল সংবাদমাধ্যমের বিরুদ্ধেও লড়াইয়ে নেমেছেন। বলছেন, একশ্রেণির সংবাদমাধ্যমের রূপ প্রকাশ করতে গণবিচারের প্রয়োজন। তারা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্টে সচেষ্ট।