সমাজবাদী পার্টিতে সন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির দ্বন্দ্ব মেটালেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের বাবা মুলায়ম সিং যাদব। অখিলেশ সিং গতকাল শনিবার লক্ষ্ণৌয়ে কাকা শিবপাল যাদবের বাড়ি গিয়ে বৈঠক করার পর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ। সমাজবাদী পার্টিতে কোনো বিরোধ নেই।’
শিবপালের বাড়ি যেতে পুত্র অখিলেশকে নির্দেশ দিয়েছিলেন সমাজবাদী পার্টির সর্বোচ্চ নেতা মুলায়মই। এর আগে তাঁরই নির্দেশে শিবপালকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেন অখিলেশ। শিবপালকে তিনি যে দলের রাজ্য সভাপতি হিসেবে মেনে নিচ্ছেন, কাকার সঙ্গে বৈঠক করে অখিলেশ নিজেই তা জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমি নতুন প্রদেশ সভাপতিকে অভিনন্দন জানিয়েছি। তাঁকে সমর্থন করার কথাও জানিয়েছি।’
সমাজবাদী পার্টির এই গৃহযুদ্ধের নেপথ্যে রয়েছে আগামী বছরের রাজ্য বিধানসভার নির্বাচন। প্রার্থী বাছাইয়ের ক্ষমতা প্রধানত কার হাতে থাকবে, লড়াই তা নিয়েই। অখিলেশের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি, তখন আগামী দিনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তাঁর হাতেই থাকা উচিত।
শিবপালের সঙ্গে অখিলেশের বিরোধ প্রধানত দুটি বিষয়ে। শিবপাল চেয়েছিলেন রাজ্যের কৌমি একতা দলের মুক্তার আনসারিকে দলে নিতে। অখিলেশের তীব্র আপত্তির দরুন তা সম্ভব হয়নি। দ্বিতীয় বিরোধ রাজ্যসভার সদস্য অমর সিংকে কেন্দ্র করে।