সমাজবাদী পার্টির কোন্দল অব্যাহত
নির্বাচনের বাকি বড়জোর এক মাস। তবু উত্তর প্রদেশের শাসক দল সমাজবাদী পার্টির গৃহযুদ্ধ অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দলের প্রতিষ্ঠাতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলীয় নির্বাচনী প্রতীক ‘সাইকেল’-এর দাবি জানিয়ে বলেছেন, দলের সভাপতি তিনিই। সমাজবাদী পার্টিও তাঁরই। অতএব নির্বাচনী প্রতীক তাঁরই প্রাপ্য।
মুলায়ম একই সঙ্গে জানান, পুত্র অখিলেশ সিং যাদবের সঙ্গে তাঁর কোনো রকম বিরোধ নেই। দলেও বিরোধ নেই। বিরোধ সৃষ্টির চেষ্টা একজনই চালিয়ে যাচ্ছেন।
মুলায়ম সেই ‘একজনের’ নাম করেননি। তবে এটা বুঝিয়ে দিয়েছেন, তাঁর কাকার ছেলে রামগোপালই যত নষ্টের গোড়া। রোববারই তিনি রামগোপালকে বহিষ্কার করেন। সোমবার রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে সে কথা মুলায়ম জানিয়েও দেন। এতে অবশ্য রামগোপালের সদস্যপদ খারিজ হবে না। তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে থাকবেন।
মুলায়ম শিবিরের কাছে রামগোপাল যদি ভিলেন হয়ে থাকেন, অখিলেশ শিবিরের কাছে খলনায়ক তাহলে শিবপাল যাদব ও অমর সিং। কিন্তু এই তিনজনের কেউ কোনো শিবির ত্যাগ করতে প্রস্তুত নয়। বরং দুই শিবিরেরই এই মুহূর্তের লক্ষ্য নির্বাচনী প্রতীক। অখিলেশ ও মুলায়ম দুজনেই এই প্রতীকের দাবি নির্বাচন কমিশনের কাছে জানিয়ে রেখেছেন। অখিলেশের পক্ষে সেই দাবি জানানোর পাশাপাশি রামগোপাল ছয় বাক্স নথিও কমিশনের কাছে জমা দিয়েছেন। সেই নথিগুলোর মধ্যে রয়েছে দলের ২২৯ জন বিধায়কের মধ্যে দুই শতাধিকের সমর্থনের চিঠি। অধিকাংশ সাংসদের সমর্থনের প্রমাণও তাঁরা জমা দিয়েছেন। জানিয়েছেন, রাজ্যের পাঁচ হাজারের বেশি কর্মকর্তা অখিলেশকেই সভাপতি হিসেবে মেনে নিয়েছেন।