সমাজবাদী পার্টির দুই পক্ষ ইসির দিকে তাকিয়ে

উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির যুযুধান দুই পক্ষই এখন নির্বাচন কমিশনের (ইসি) দিকে তাকিয়ে। দলের প্রতীক ‘সাইকেল’ কে পাবে, নির্বাচন কমিশন সোমবারই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই শিবিরের শুনানি শেষ। মুলায়ম সিং যাদব ও তাঁর পুত্র মুখ্যমন্ত্রী অখিলেশ দুজনই প্রতীকের দাবি করেছেন। কমিশন প্রতীক ‘ফ্রিজ’ করে দিলে দুই পক্ষকেই ‘ফ্রি সিম্বল’ নিয়ে ভোটে লড়তে হবে।
অখিলেশ শিবির তাদের ‘প্ল্যান বি’ ঠিক করে রেখেছে। দলের এক সূত্র অনুযায়ী, সাইকেল না পেলে তারা ‘মোটরসাইকেল’ প্রতীক হিসেবে চাইবে। মোটরসাইকেলেও কমিশনের আপত্তি থাকলে সমতা পার্টির প্রতীক ‘চক্র’ নিয়ে লড়তে পারে অখিলেশ শিবির। পুরোনো প্রতীক না পাওয়ার মধ্য দিয়েই দলে ভাঙনের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। এই মুহূর্তে মিটমাটের আর কোনো আশা নেই বলেই দুই শিবিরের অভিমত।
রাজ্যে বিজেপিকে রুখে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পথ মসৃণ করতে অখিলেশ কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে আগ্রহী। কংগ্রেসেরও এই সমঝোতায় আপত্তি নেই। কংগ্রেসের পাশাপাশি অখিলেশ রাষ্ট্রীয় লোকদল ও সংযুক্ত জনতা দলের সঙ্গেও আসন সমঝোতায় আগ্রহী। তিন দলের সঙ্গেই এ নিয়ে তাঁর কথা চূড়ান্ত। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ক্ষেত্রে মুলায়মের তীব্র আপত্তি। দল একাই লড়বে, এই ঘোষণাও তিনি আগেই করে দিয়েছেন।
এদিকে কংগ্রেসের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অখিলেশের স্ত্রী ডিম্পল একটা বড় ভূমিকা নিয়েছেন। পারিবারিক এই দ্বন্দ্বে ডিম্পল রয়েছেন স্বামীর পাশেই। দলীয় সূত্র অনুযায়ী, উত্তর প্রদেশের কনৌজের সাংসদ ডিম্পল ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথা বলেছেন। দুজনের ছবি দিয়ে সমাজবাদী পার্টি পোস্টার, ব্যানারও তৈরি করে ফেলেছে। গত শুক্রবার এলাহাবাদ শহরের বেশ কিছু জায়গায় এই পোস্টার ও ব্যানার টাঙানোও হয়ে গেছে। তাতে লেখা, নারী শক্তির জয় হবে।
কংগ্রেসের এক সূত্রের কথায়, এই জোট এখন প্রায় অনিবার্য। সূত্রটি বলেন, রাহুল গান্ধী (৪৬) ও অখিলেশ সিং যাদব (৪৩) দুজনেই প্রায় সমবয়সী। দুজনেই রাজনৈতিক পরিবারে দীক্ষিত। দুজনেই শিক্ষিত এবং আধুনিক চিন্তাভাবনার মানুষ। ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রী। ফলে এই দুই সমমনোভাবাপন্ন মানুষের কাছাকাছি আসাটাই স্বাভাবিক।
উত্তর প্রদেশ বিধানসভার মোট আসন ৪০৩। এর মধ্যে কংগ্রেসের দাবি ১০৫টি। অখিলেশ প্রাথমিকভাবে ৭৫টি আসন ছাড়তে প্রস্তুত। কাজেই জোট হলে এই দুই সংখ্যার মধ্যবর্তী কোনো একটি দুই পক্ষকে মেনে নিতে হবে। গত ভোটে কংগ্রেস জিতেছিল ২৮টি কেন্দ্রে। দলীয় সূত্রের মতে, অখিলেশের সঙ্গে জোট হলে সংখ্যাটা দ্বিগুণের কাছাকাছি পৌঁছতে পারে।