সমাবেশে আত্মহত্যা হতাশ কৃষকের
ভারতের রাজধানী দিল্লির শাসক দল আম আদমি পার্টির (এএপি) বিক্ষোভ সমাবেশে এক কৃষক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে রাজস্থানের দৌসা জেলা থেকে আসা ওই কৃষক আত্মহত্যা করেন। বিক্ষোভ সমাবেশ চলার সময় একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন ওই কৃষক। একসময় তিনি ঝুলে পড়েন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মৃত কৃষকের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, অকালবৃষ্টিতে জমির ফসল নষ্ট হয়ে গেছে। তিন সন্তান নিয়ে পথে বসেছেন।
কেন্দ্রীয় সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতে এ বছর ফসলহানিসহ বিভিন্ন কারণে ইতিমধ্যেই কয়েকজন কৃষক আত্মহত্যা করেছেন।
অভ্যন্তরীণ বিবাদে এএপি জর্জরিত। অন্যদিকে বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিল নিয়ে কংগ্রেস দল ক্রমেই তার পায়ের তলায় জমি খুঁজে পাচ্ছে। এই অবস্থায় আশঙ্কিত এএপি হঠাৎই দিল্লিতে ভূমি অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানেই এই দুর্ঘটনা।
জনসভায় কৃষকের মৃত্যুকে ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তৎপরতা। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী হাসপাতালে গিয়ে দলীয় কর্মীদের বলেন, মৃতদেহ রাজস্থানে ফেরত নিয়ে যেতে যেন সাহায্য করা হয়। এএপির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গোটা ঘটনার দায় দিল্লি পুলিশের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেছেন, চোখের সামনে একটা লোক গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকল, পুলিশকে ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও তারা দর্শক সেজে থাকল। এএপির অভিযোগ, এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে।
তবে বিজেপির রাজ্য শাখার সভাপতি সতীশ উপাধ্যায় এ ঘটনায় এএপিকেই দায়ী করে বলেছেন, একজন মানুষ কয়েক হাজার লোকের সামনে বলে কয়ে আত্মহত্যা করছে, অথচ তা দেখেও মুখ্যমন্ত্রী ভাষণ চালিয়ে যাচ্ছেন? তাঁর কোনো ভাবান্তর নেই?