সমালোচিত মোদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধী নেতার পদ এখনো খালি রাখার জন্য সুপ্রিম কোর্টের সমালোচনা শুনতে হলো নরেন্দ্র মোদির সরকারকে। পরপর দুটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হচ্ছে তাদের।
প্রথম জবাবদিহি সংসদে সদ্য পাস হওয়া বিচারপতি নিয়োগসংক্রান্ত বিল নিয়ে, দ্বিতীয়টি লোকসভায় বিরোধী নেতার পদ কেন কংগ্রেসকে দেওয়া হচ্ছে না তা নিয়ে। বিচারপতি নিয়োগসংক্রান্ত আইনের বিরুদ্ধে আপিলের প্রথম শুনানি আগামী সোমবার, দ্বিতীয় মামলার প্রথম শুনানি হলো গতকাল শুক্রবার। সেই শুনানিতে সরকারকে সমালোচিত হতে হলো বিরোধী নেতার পদ এখনো খালি রাখার জন্য, যে কারণে বহুল আলোচিত লোকপালের নিয়োগ সম্ভব হচ্ছে না।
লোকপালের নিযুক্তি এখনো না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লোকপাল আন্দোলনের অন্যতম নেতা আইনজীবী প্রশান্ত ভূষণ। নিযুক্তিতে কেন দেরি হচ্ছে, প্রধান বিচারপতি রাজেন্দ্র মল লোধা তা জানতে চাইলে প্রশান্ত ভূষণ বলেন, লোকসভার বিরোধী নেতার পদে কেউ নিযুক্ত না হওয়াই এর কারণ। কেন সেই নিযুক্তি হচ্ছে না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, লোকসভার স্পিকার সেই পদে কাউকে নিয়োগ করতে পারছেন না। কারণ, বিরোধী কোনো দলেরই প্রয়োজনীয়সংখ্যক আসন নেই। জবাবে প্রধান বিচারপতি বলেন, বিরোধী নেতার পদটি গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী নেতা থাকার অর্থ সংসদে সরকারপক্ষ ছাড়াও অন্য মতকে গুরুত্ব দেওয়া। তা ছাড়া লোকপাল নিয়োগের ক্ষেত্রেও এই পদ জরুরি। প্রধান বিচারপতির নির্দেশ, ৯ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করতে হবে। চার সপ্তাহের মধ্যে জানাতে হবে শিগগিরই লোকপাল গঠনের বিষয়ে সরকার কী করছে।
আইন অনুযায়ী লোকপাল ও তার সদস্যদের নিযুক্তি যাঁরা করবেন, তাঁদের মধ্যে লোকসভার বিরোধী নেতাকে রাখতে হবে। কিন্তু গত লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৪৪টি আসনে জেতে। রীতি অনুযায়ী বিরোধী নেতার মর্যাদা পেতে ১০ শতাংশ (৫৫) আসন প্রয়োজন। দল হিসেবে তা না থাকলেও ইউপিএ জোটের প্রধান হিসেবে কংগ্রেসকে সেই মর্যাদা (৬৮) দেওয়াই যায়। কিন্তু সম্প্রতি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানিয়ে দিয়েছেন, সেই মর্যাদা কংগ্রেস পাবে না। এ প্রেক্ষাপটে লোকপাল নিয়োগ ঠেকে যাওয়ায় প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
প্রধান বিচারপতির প্রশ্নে অ্যাটর্নি জেনারেল জানান, সরকার লোকপাল আইনের বদল ঘটানোর চিন্তা করছে। চার সপ্তাহের মধ্যে তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি নিয়োগের পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের ‘কলেজিয়ামের’ হাত থেকে নিতে সংবিধান সংশোধন ও নিয়োগসংক্রান্ত বিল একযোগে সংসদের গত অধিবেশনে পাস করা হয়। এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ মামলাও রয়েছে প্রধান বিচারপতির এজলাসে। আবেদনকারীদের বক্তব্য, সংবিধান সংশোধন বিল পাস করে তাতে রাষ্ট্রপতির সই হওয়ার পরে সে অনুযায়ী বিচারপতি নিয়োগসংক্রান্ত বিল পাস করানো দরকার ছিল। কিন্তু এ ক্ষেত্রে সরকার দুটি বিলই একসঙ্গে এনেছে।