সম্পর্ক জোরদারে সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে গতকাল নরেন্দ্র মোদি ও অ্যাঙ্গেলা মেরকেল l এএফপি
নয়াদিল্লিতে গতকাল নরেন্দ্র মোদি ও অ্যাঙ্গেলা মেরকেল l এএফপি

প্রতিরক্ষা, বাণিজ্য, গোয়েন্দা তথ্য বিনিময়, দূষণমুক্ত জ্বালানিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও জার্মানি। এ ছাড়া বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ১৮টি সমঝোতা স্মারকও। খবর রয়টার্স ও এনডিটিভির।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা তাঁদের দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের সম্পর্ক আরও জোরদারে ওই সম্মতির কথা জানান। এরপর স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক।
বৈঠককে খুবই ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি ও চ্যান্সেলর মেরকেল এ আশা ব্যক্ত করেন, এই বৈঠক কৌশলগত ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্পর্ককে মজবুত করবে।
ভারতের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য অর্জনে জার্মানিকে এক অবিচ্ছেদ্য অংশীদার বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, জার্মানির শক্তি ও ভারতের অগ্রাধিকার একই কাতারে। আমাদের মনোযোগ অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর দিকে।
মোদি আরও বলেন, ‘তবে আমার বিশ্বাস, সমান্তরালভাবে চলা চ্যালেঞ্জ এবং সুযোগের এই পৃথিবীকে আরও মানবিক, শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত ও জার্মানি শক্তিশালী অংশীদার হতে পারে।’ এ অংশীদারি সম্পর্ক প্রতিরক্ষা, বাণিজ্য, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রগুলোতেও হতে পারে।
গতকাল হায়দরাবাদ হাউসে মোদি ও মেরকেল তৃতীয় ‘ভারত-জার্মান আন্তসরকার পরামর্শ’ বিষয়ক বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।