
নেপাল ও ভারতের প্রধানমন্ত্রী যথাক্রমে পুষ্প কমল দহল প্রচণ্ড ও নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা শোনালেন। চার দিনের ভারত সফরে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর প্রচণ্ড নামে সমধিক পরিচিত নেপালি প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে ‘অনাদিকালের’ এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
প্রচণ্ডের কথার জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী নেপালকে ভারত শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবেই দেখতে আগ্রহী। পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করাই দুই দেশের প্রাথমিক লক্ষ্য, উন্নয়নের জন্য যা জরুরি।
প্রথম সফর হিসেবে ভারতকে বেছে নিয়ে নেপালের প্রধানমন্ত্রী প্রধানত যে বার্তা দিতে চেয়েছেন, ভারতের পক্ষে তা স্বস্তিদায়ক। সাবেক প্রধানমন্ত্রী কে পি ওলির ‘অতিরিক্ত চীন-নির্ভরতা’ থেকে তিনি যে নেপালকে মুক্ত করতে আগ্রহী, সেই বার্তাই প্রথম দিন থেকে নেপালের প্রধানমন্ত্রী দিয়েছেন। ফলে এই সফরের দিকে ভারতের আগ্রহ ছিল যথেষ্ট। নেপালের প্রধানমন্ত্রীও ভারতকে আশ্বস্ত করে বলেছেন, নষ্ট হয়ে যাওয়া পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনাই তাঁর এই সফরের প্রধান উদ্দেশ্য।
গতকাল শুক্রবার রাজধানীতে হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হয়। দ্বিপক্ষীয় বিষয়গুলোর মধ্যে প্রাধান্য পায় তরাই অঞ্চলের মদেশীয় সমস্যা ও দ্বিপক্ষীয় চুক্তিগুলোর বকেয়া বিষয়। মোদি এ প্রসঙ্গে বলেন, দুই দেশের নিরাপত্তা একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। সমাজকে নির্ভরতা দিতে না পারলে উন্নয়ন ও প্রগতির পথে এগোনো সম্ভব নয়। মোদির সুরে সুর মিলিয়ে পুষ্প কমল দহল বলেন, দেশকে একজোট না রাখতে পারলে উন্নতির রাস্তায় হাঁটা সম্ভব হবে না। ঐক্যবদ্ধ নেপালই তাঁর মাছের চোখ।
নতুন সংবিধান নিয়ে নেপালের তরাই অঞ্চলে যে অশান্তির সৃষ্টি হয়েছিল, ভারত-নেপাল সম্পর্কে তা ব্যাপক তিক্ততার সৃষ্টি করে। দুই দেশের মধ্যে সৃষ্টি হয় দূরত্বও। ওলির চলে যাওয়া এবং পুষ্প কমল দহলের উত্থানের মধ্য দিয়ে সেই তিক্ততার অবসান ঘটলেও দুই দেশই সতর্ক হয়ে এগোতে চায়। এ জন্য বিতর্কিত কোনো চুক্তি এই সফরে হচ্ছে না। তবে নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফর দৃশ্যত চীনকে ক্ষুব্ধ করেছে। আগামী মাসে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের নেপাল সফরে যাওয়ার কথা। তার আগে নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্তে ক্ষুব্ধ চীন সেই সফর এখনো নিশ্চিত করেনি।