সম্পর্ক মেরামতে রাশিয়া যাচ্ছেন মোদি
বাল্টিক সাগরের তীরবর্তী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠেয় এক সম্মেলন সামনে রেখে চলতি সপ্তাহেই রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী বৃহস্পতিবার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তাঁর। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কে যে শীতলতা বিরাজ করছে, এ সফরে তা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন মোদি।
স্নায়ুযুদ্ধের পুরো সময়টাজুড়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও কূটনীতিতে গভীর সম্পর্ক ছিল ভারতের। ট্যাংক থেকে যুদ্ধবিমান, ভারতের সামরিক অস্ত্রের প্রধান সরবরাহই আসত সোভিয়েত ইউনিয়ন থেকে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই ভারতকে নিজের প্রয়োজনে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে হয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোযোগী হয়ে ওঠে দেশটি। বিশ্লেষকেরা বলছেন, সম্পর্কের এ শীতলতা ত্বরান্বিত হয় সম্প্রতি, যখন ভারত যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। পক্ষান্তরে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাশিয়া।
রাশিয়ার সংবাদ সংস্থা ইতার-তাস জানিয়েছে, ২০১৪ সালে পাকিস্তানের ওপর থেকে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। সামরিক হেলিকপ্টার সরবরাহের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চলছে মস্কোর। এ ছাড়া চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডরে সহযোগিতার সিদ্ধান্ত দিয়েও নয়াদিল্লিকে বিব্রত করেছে মস্কো। বিতর্কিত কাশ্মীরের ওপর দিয়ে এই করিডর যাওয়ার কথা, যার বিরোধিতা করছে ভারত।
ব্রুকিংস ইন্ডিয়ার কূটনীতিতে ফেলো ধ্রুব জয়শঙ্করের মতে, রাশিয়া এখনো ভারতের জন্য গুরুত্বপূর্ণ এক সহযোগী দেশ। ‘তবে সম্পর্কের এ ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।’