
ফ্রান্স থেকে সম্পূর্ণ তৈরি ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে ভারত। গতকাল শনিবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন। মূল চুক্তিতে ১২৬টির কথা থাকলেও সব মিলিয়ে ১৪৪টি যুদ্ধবিমান কিনতে পারে ভারত। এর একটি বড় অংশ ভারতে সংযোজনের কথা হচ্ছে। খবর এনডিটিভির।
যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি ফরাসি প্রেসিডেন্টের কাছে এখনই উড়তে প্রস্তুত এমন ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান চেয়েছি।’ মোদি জানান, চুক্তির শর্তাবলি গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। উভয় পক্ষের কর্মকর্তারা এ ব্যাপারে কাজ করছেন।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার গতকাল বলেছেন, রাফায়েল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত পুরাতন বিমান নিয়ে ধুঁকতে থাকা ভারতের বিমানবাহিনীকে ‘ন্যূনতম অক্সিজেন’ দেবে। দুই বছরের মধ্যে ওই যুদ্ধবিমানগুলো বিমানবাহিনীতে সংযুক্ত করা হবে।
মূল পরিকল্পনায় ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে তৈরি অবস্থায় থাকা ১৮টিসহ ১২৬টি যুদ্ধবিমান কেনার কথা ছিল ভারতের। ১০৮টি যুদ্ধবিমানের যন্ত্রাংশ ভারতে এনে তা রাষ্ট্র পরিচালিত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (এইচএএল) অধীনে সংযোজনের কথা ছিল।
সূত্র জানায়, আলোচনা যদি ফলপ্রসূ হয়, তবে ভারত আগের পরিকল্পনার ১২৬টির সঙ্গে আরও ১৮টি যুক্ত করে মোট ১৪৪টি যুদ্ধবিমান কিনবে। ১০৮টি যুদ্ধবিমান ভারতে সংযোজন করা হবে।
নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে তৈরি করুন-তাঁর এই স্লোগানে সমর্থন দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মোদি বলেন, ‘এটা কোনো প্রকল্প নয়, এটা একটা ভাবনা।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্স তাঁর দেশের জন্য যুদ্ধবিমান থেকে ডুবোজাহাজের বিশ্বস্ত সরবরাহকারী।
তিন বছর ধরে জোরালো আলোচনার মধ্যেই আটকে ছিল রাফায়েল যুদ্ধবিমান বিষয়ের চুক্তি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাসো যুদ্ধবিমানগুলো ভারতে উৎপাদন করার ব্যাপারে নিশ্চয়তা দিতে অনীহা প্রকাশ করে আসছে।
যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রস্তাবের পর ২০১২ সালে ফ্রান্সের যুদ্ধবিমান রাফায়েল কেনার সিদ্ধান্ত নেয় ভারত। ১২৬টি যুদ্ধবিমান কেনার মূল পরিকল্পনায় ব্যয় ধরা হয় ১ হাজার ২০০ কোটি ডলার।