সম্প্রচার বন্ধ রেখে প্রতিবাদ এনডিটিভির
বিতর্কিত তথ্যচিত্র ইন্ডিয়া’স ডটার প্রচার নিষিদ্ধ করায় ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি গত রোববার তাদের সম্প্রচার এক ঘণ্টা বন্ধ রেখেছিল। ওই দিন বিশ্ব নারী দিবসে রাত নয়টায় তথ্যচিত্রটি প্রচারের কথা ছিল। তবে এর আগেই ‘বিতর্কিত বিষয়’ থাকার অভিযোগ এনে ভারতীয় আদালত তথ্যচিত্রটির প্রচার নিষেধ করেন। খবর বিবিসির।
রোববার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এনডিটিভি অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখে। এ সময় কালো পর্দার ওপর তথ্যচিত্রটির নাম সাদা ও লাল রঙে লেখা ছিল। পর্দার নিচের স্ট্রাপলাইনে তথ্যচিত্রটি নিয়ে খ্যাতনামা ভারতীয়দের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এ সময় কোনো শব্দ ছিল না। কেবল ‘প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণ’ লেখাটি স্ট্রাপলাইনে আসার সময় চাপা শব্দ শোনা যায়।
২০১২ সালের ডিসেম্বর মাসে ভারতের এক মেডিকেল ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনা নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়।
তবে তথ্যচিত্রে ফাঁসির দণ্ড পাওয়া এক ধর্ষকের সাক্ষাৎকার থাকায় ভারতে সেটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়।
ইন্ডিয়া’স ডটার পরিচালনা করেন ব্রিটিশ পরিচালক লেসলি উডউইন। তথ্যচিত্রটি ইতিমধ্যে বিবিসিতে প্রচারিত হয়েছে।