সম্প্রচার বন্ধের নির্দেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রচার সাময়িক বন্ধের সরকারি নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে এনডিটিভি কর্তৃপক্ষের আবেদনের শুনানি হবে ৫ ডিসেম্বর। গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে এনডিটিভি কর্তৃপক্ষের সাক্ষাতের পর চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার সরকারি নির্দেশ স্থগিত করা হয়। গত জানুয়ারিতে পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার সময় এনডিটিভির সরাসরি সম্প্রচারে সেখানকার কিছু ‘স্পর্শকাতর’ দৃশ্য দেখানো হয় অভিযোগ করে আজ বুধবার মধ্যরাত থেকে এক দিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তথ্যমন্ত্রীকে এনডিটিভির পক্ষ থেকে বলা হয়, পাঠানকোটে হামলার সময় চ্যানেলটিতে কোনো ‘স্পর্শকাতর দৃশ্য’ সম্প্রচার করা হয়নি এবং তারা এমন কোনো তথ্য প্রকাশ করেনি, যা অন্যান্য চ্যানেল ও সংবাদপত্রে প্রকাশ করা সংবাদের চেয়ে ভিন্ন।