সম্ভাব্য কারচুপি ঠেকাতে যুক্ত হবে ভিভিপ্যাট যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিল, তাদের কাছে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রয়েছে, তাতে কোনোভাবেই কারচুপি করা সম্ভবপর নয়। এ ছাড়া ভোটার কাকে ভোট দিয়েছেন, তার রেকর্ড রাখতে ‘ভিভিপ্যাট’ নামে আলাদা যন্ত্র সংযুক্ত করা হবে। এরপরও ইভিএমে কারচুপি করা যায় কি না, তা প্রমাণের সুযোগ সব রাজনৈতিক দলকে দেওয়া হবে।
গতকাল শুক্রবার দেশের সব জাতীয় ও আঞ্চলিক দলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জায়দি জানান, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে সারা দেশে প্রতিটি ইভিএমের সঙ্গে ‘ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেল’ (ভিভিপিএটি বা ‘ভিভিপ্যাট’) মেশিন লাগানো হবে। এটি ভোটারকে জানিয়ে দেবে, তিনি কাকে ভোট দিয়েছেন।
ভোটার ইভিএমে প্রার্থীর নামের পাশের বোতাম টেপার সঙ্গে সঙ্গে যন্ত্রটি থেকে সেই প্রার্থীর নাম বা প্রতীকসহ এক টুকরা কাগজ বেরিয়ে আসবে। ভোট যে ঠিক স্থানে পড়েছে, ওই কাগজই হবে তার প্রমাণ। তবে ভোটার কাগজটি বাইরে নিয়ে যেতে পারবেন না।
ইভিএমে কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রধানত নির্বাচন কমিশন এই বৈঠক ডেকেছিল। দেশের ৭টি জাতীয় ও ৩৫টি আঞ্চলিক দলের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সাড়ে সাত ঘণ্টা ধরে চলা এই বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচনকে ত্রুটিমুক্ত করার পরামর্শ দেন।
বৈঠক শেষে মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জায়দি সংবাদমাধ্যমকে জানান, কয়েক সপ্তাহের মধ্যেই কমিশন রাজনৈতিক দলগুলোকে ফের ডাকবে ইভিএমে কারচুপি করে দেখাতে। কমিশন যে মেশিন প্রস্তুত করিয়েছে, তাতে কোনোভাবেই কারচুপি করা সম্ভব নয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভা ভিভিপ্যাট যন্ত্রের জন্য নির্বাচন কমিশনকে ৩ হাজার ২০০ কোটি রুপি মঞ্জুর করেছে। দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) কয়েক দিন আগে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ইভিএমে কারচুপির ‘প্রমাণ’ দেখিয়েছিল। দলীয় নেতারা গতকালের বৈঠকেও সেই দাবি করেন। তবে এএপিকে বলা হয়, তাঁরা যে নকল ইভিএমে কারচুপির নমুনা দেখিয়েছেন, কমিশনের ইভিএমে তা সম্ভবপর নয়।