ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের জোরালো আশাবাদ ব্যক্ত করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বাম দল-কংগ্রেস জোট উভয়েই। গত বৃহস্পতিবার এ রাজ্যের বিধানসভার চতুর্থ পর্বের ভোট শেষ হওয়ার পর দুই পক্ষের নেতারা এ আশার কথা জানান।
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টির ভোটাভুটি শেষ হওয়ার পর বাকি রয়েছে ১২৭টির ভোট গ্রহণ। চতুর্থ পর্বের ভোট শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, এ পর্যন্ত ভোটে স্পষ্ট হয়েছে, এবার ক্ষমতায় আসছে বাম-কংগ্রেস জোট। এর আগে প্রথম পর্বের ভোটের দিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, তাঁরা ছক্কা মেরেছেন, জয়ী হয়ে এবার সরকার গড়তে চলেছেন।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চতুর্থ পর্বের ভোট শেষে দাবি করেন, ফের ক্ষমতায় আসছে তৃণমূল। দুই শতাধিক আসনে জিতে সরকার গড়বেন তাঁরাই। মুখ্যমন্ত্রী হবেন মমতাই। অভিষেক দাবি করেন, সূর্যকান্ত এবার হারবেন।
জয়ের স্বপ্ন মদন মিত্রের: চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়ে গত ১৬ মাস কারাগারে বন্দী তৃণমূল নেতা মদন মিত্রও এবার জয়ের স্বপ্ন দেখছেন। রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী মদন এখনো উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি কেন্দ্রের তৃণমূল বিধায়ক। কারাবন্দী অবস্থায় তিনি এবারও এ কেন্দ্র থেকে দলের মনোনয়ন পান। কারাগারের বাইরে এসে প্রচার চালাতে না পারলেও তাঁর হয়ে প্রচার চালাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রীসহ দলের অন্য নেতারা।
মদনের প্রতিদ্বন্দ্বী সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এলাকার মানুষ এবার চিনে ফেলেছেন মদনকে। তিনি সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে এলাকার সম্মান বিসর্জন দিয়েছেন। এলাকার মানুষ আর চাচ্ছে না একজন কারাবন্দীকে ভোট দিয়ে জেতাতে। তাই জিতবেন তিনিই।