সরকারি কর্মকর্তার বাসভবনসহ ৪০টি স্থানে সিবিআইয়ের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জম্মু ও কাশ্মীরের গুরেজ ভ্যালি।
ছবি: এএনআই

অবৈধভাবে বন্দুকের লাইসেন্স বিক্রির অভিযোগে আজ শনিবার ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লিতে ৪০টি স্থানে অভিযান চালিয়েছে সিবিআই। এর মধ্যে শ্রীনগরে থাকা জম্মু ও কাশ্মীরের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা শহীদ ইকবালের বাসভবনও রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

জম্মু ও কাশ্মীরের মধ্যে শ্রীনগর, উদামপুর, রাজৌরি, অনন্তনাগ ও বারামোল্লা শহরে এসব অভিযান চলে। শহীদ ইকবাল বর্তমানে আদিবাসীবিষয়ক সচিব ও জম্মু ও কাশ্মীরের মিশন ইয়ুথের সিইও। এর আগে তিনি কাথুয়া, রেইসি, রাজৌরি ও উদামপুর জেলার ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়গুলোতে তিনি অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ভুয়া নামে হাজারো লাইসেন্সের অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অন্তত আটজন সাবেক ডেপুটি কমিশনারের বিষয়ে এ কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে।
জম্মু ও কাশ্মীরে ২০১২ সাল থেকে অবৈধভাবে দুই লাখের বেশি বন্দুকের লাইসেন্স দেওয়া হয়েছে। এটিকে ভারতে বন্দুকের অবৈধ লাইসেন্সের মাধ্যমে অর্থ আদায়ের সবচেয়ে বড় ঘটনা বলে মনে করা হচ্ছে।

গত বছর আইএএস কর্মকর্তা রাজিব রঞ্জন ও ইতরাত হোসেন রফিকি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন। তারা ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় কুপওয়ারা জেলায় এ ধরনের ভুয়া লাইসেন্স দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ফেব্রুয়ারিতে একজন বেসরকারি ব্যক্তিও সংস্থাটির হাতে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজনের সঙ্গে তাঁর বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন হয়।

সিবিআই এর আগে বলেছিল, তারা এ বিষয়ে ‘গভীর ষড়যন্ত্র’ প্রকাশ করবে। রঞ্জনের ভাই ও এই বন্দুক ডিলারের মধ্যস্থতাকারীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে ২০১৭ সালে প্রথম এই কেলেঙ্কারি ফাঁস করে রাজস্থানের অ্যান্টি-টেরর স্কোয়াড। তখন জম্মু ও কাশ্মীর সরকার তদন্তের ছদ্মবেশে তাদের সুরক্ষা দেয়।

পরে সাবেক গভর্নর এন এন ভোহরা এ কেলেঙ্কারিতে জম্মু ও কাশ্মীর সরকারের লোকজনকে জড়িত দেখতে পেয়ে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করেন।