ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন-ভাতা বাড়ল। সপ্তম বেতন কমিশনের বেতন বৃদ্ধির সুপারিশ গতকাল বুধবার অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বেতন বৃদ্ধির সুফল পাবেন দেশের ৪৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৫৩ লাখ পেনশনভোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে। বেতন বৃদ্ধির সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবের মাসিক বেতন হবে আড়াই লাখ রুপি। আর সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীর বেতন হবে ১৮ হাজার রুপি। বর্তমানে ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন দেড় লাখ রুপি। ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রতি ১০ বছরে একবার করে বাড়ানো হয়। বেতন কমিশন সেই সুপারিশ করে। এবার বেতন ও ভাতার যে বৃদ্ধি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করল, তা কর্মীদের ক্ষেত্রে ২৩ দশমিক ৫ শতাংশ এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ২৪ শতাংশ।