সরকারের উপহার ফেরত দিলেন নারীরা

ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে জনপ্রিয় বাথুকামা উৎসব উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র নারীদের শাড়ি উপহার দেওয়া হয়েছে। তবে নিম্নমানের কারণে শাড়িগুলো ফেরত দিয়েছেন অনেক নারী।
তেলেগুতে নিযুক্ত বিবিসির সাংবাদিক বালা সতীশের সঙ্গে কথা বলেন তেলেঙ্গানার বাসিন্দা গঙ্গা। কেবলই সরকারের দেওয়া শাড়িটি নিয়েছেন তিনি। বললেন, ‘চার দিনও এই শাড়ি টিকবে কি না আমার সন্দেহ।’
দরিদ্র নারীরা বলছেন, তাঁরা হতাশ। কারণ, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী তাঁতের শাড়ি দেয়নি। তার বদলে তাঁরা পেয়েছেন নিম্নমানের মেশিনে বোনা শাড়ি।
রাজ্য সরকার বলছে, এক কোটি শাড়ি কিনতে তাদের ব্যয় হয়েছে ২২০ কোটি রুপি।
সরকার অবশ্য বলছে, শাড়িগুলো যথেষ্ট ভালো মানের ছিল।
বিরোধী কয়েকটি দল শাড়ি বিতরণের এই ঘটনায় বিচারিক তদন্ত দাবি করেছে। তারা এটিকে শাড়ি কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করেন। বিরোধী দলগুলোর অভিযোগ, শাড়ির নিম্নমান থেকে এটা প্রমাণিত হয় যে সরকার প্রতিটি শাড়ির জন্য যা বরাদ্দ, তার চেয়ে অনেক কম খরচ করেছে।
সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, রাজ্যের তাঁতিদের কাছ থেকেই তাঁরা উপহারের শাড়িগুলো কিনতেন। কিন্তু হাতে বোনা শাড়িগুলো উৎসবের আগে সময়মতো তৈরি হয়নি। তাই মেশিনে বোনা শাড়ি দেওয়া হয়েছে।
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে শাড়ি নেওয়ার পর পদ্মা বলেন, ‘সরকার যা দিচ্ছে, তা-ই আমরা নিচ্ছি। সরকার বলছে, এগুলো তাঁতে বোনা শাড়ি। কিন্তু আসলে তা না। সরকার কেবল কথার কথা বলছে।’
সামাজিক যোগাযোগের মাধ্যমে সরকারের দেওয়া এ রকম শাড়ি পোড়ানোর ভিডিও প্রচার করা হয়েছে। অনেক ক্ষুব্ধ নারী জানতে চান, ‘কারা এ ধরনের শাড়ি পরে?’
এই ঘটনার পর রাজ্য সরকার এই উৎসব উপলক্ষে আরও এক কোটি শাড়ি আনবে বলে জানিয়েছে। সরকারের অভিযোগ, শাড়ি পোড়ানোর ভিডিওর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। কারণ, শাড়ি পোড়ানো ভারতীয় সংস্কৃতিচর্চা নয়।
তবে সব নারীই নিম্নমানের শাড়ি নিয়ে অতটা ক্ষুব্ধ নন। সাবিত্রী নামের এক নারী বলেন, ‘এই শাড়ির দাম ৭০ থেকে ৭৫ রুপি হতো। এটি বিনা পয়সায় পেয়েছি। তাই আমি খুশি।’