সরকারি হস্তক্ষেপ নাকচ করলেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ ও বদলির অধিকারে সরকারি হস্তক্ষেপকে সরাসরি খারিজ করলেন। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের কনস্টিটিউশন বেঞ্চ এক যুগান্তকারী রায়ে জানিয়ে দেন, বিচারপতি নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার আইন করে যে কমিশন গঠন করেছিলেন, তা সংবিধানবিরোধী। সেই আইনের মাধ্যমে সরকার বিচার বিভাগের অধিকারে হস্তক্ষেপ করেছে।
সুপ্রিম কোর্ট জানান, দুই দশক ধরে যে কলেজিয়াম পদ্ধতিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলোর বিচারপতিদের নিযুক্তি ও বদলি হয়ে আসছে, সেই ব্যবস্থাই জারি থাকবে। তবে কলেজিয়াম পদ্ধতিতে কোনো ত্রুটি থাকলে তা শোধরানো হবে। ৩ নভেম্বর সুপ্রিম কোর্ট সেই সুপারিশ বা পরামর্শ শুনবেন বলে জানান।
বিচারপতি নিয়োগ নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। বিজেপি ক্ষমতায় এসে এই নিয়োগ স্বচ্ছতর করতে নতুন আইন তৈরি করে। সেই আইন মোতাবেক গঠিত হয় ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন (এনজেএসি)। কমিশনের মোট সদস্যসংখ্যা ছয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সর্বোচ্চ আদালতের সবচেয়ে সিনিয়র দুই বিচারপতি, আইনমন্ত্রী এবং দুই বিশিষ্ট আইনবিদকে নিয়ে এই কমিশন গঠিত হবে। দুই বিশিষ্ট আইনবিদকে বেছে নেবেন ভারতের প্রধানমন্ত্রী, সংসদের প্রধান বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতীয় সংসদের উভয় কক্ষে এই ৯৯তম সংবিধান সংশোধন বিলটি পাস হয়ে আইনে রূপান্তরিত হয়। শুধু তা-ই নয়, দেশের ২০টি রাজ্যের বিধানসভাও এই আইনকে অনুমোদন করে। আইন পাস হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে মামলা করেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ও অন্যরা। তাঁদের দাবি, এই আইন বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ, যা ভারতের সংবিধানের পরিপন্থী। মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান বিচারপতি এইচ এল দাত্তু সরকারকে জানিয়ে দেন, মামলার নিষ্পত্তি না হলে তাঁর পক্ষে কমিশনের সদস্য হওয়া সম্ভব নয়।
প্রধান বিচারপতি সরে দাঁড়ানোয় বিচারপতি কে এস খেয়রের নেতৃত্বে পাঁচ সদস্যের কনস্টিটিউশন বেঞ্চ এই মামলা শোনেন। গতকাল ৪-১ সদস্যের সংখ্যাগরিষ্ঠ রায়ে এনজেএসি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, দুই দশক ধরে সর্বোচ্চ আদালতের পাঁচ সিনিয়র বিচারপতি যে কলেজিয়াম বিচারপতি নিয়োগ করে আসছেন, সেই পুরোনো পদ্ধতি বলবৎ থাকবে। পদ্ধতির উন্নতিতে সুপারিশ বা পরামর্শ থাকলে তা ৩ নভেম্বর শোনা হবে।
এই রায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে এক বিরাট রাজনৈতিক ধাক্কা। বিচারব্যবস্থায় সংস্কার আনতে বিজেপির দুই আইনজীবী নেতা অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদ কলেজিয়াম পদ্ধতির বদল ঘটাতে উদ্যোগী হয়েছিলেন। রায়ের পরে বিস্মিত রবিশঙ্কর বলেন, বিচারপতি নিয়োগ নিয়ে বহু অভিযোগ উঠেছে। সরকারের উদ্দেশ্য ছিল, এই নিযুক্তির বিষয়টিকে স্বচ্ছ ও দায়বদ্ধ করা। রবিশঙ্কর বলেন, সুপ্রিম কোর্ট নিজেই স্বীকার করেছেন, কলেজিয়াম পদ্ধতিতে ত্রুটি থাকলে তা শোধরানো হবে। সরকার সেই ত্রুটি শুধরেই এই বিল এনেছিল। আইনমন্ত্রী সদানন্দ গৌড় বলেন, এনজেএসি আইনে জনগণের অভিমতই প্রতিফলিত হয়েছে। সংসদের দুই কক্ষের ১০০ শতাংশ রায় রয়েছে এই বিলে। ফলে বিচারপতি নিয়োগের বিষয়টির দায়বদ্ধতা নিশ্চিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে দেশের আইন বিভাগের সঙ্গে বিচার বিভাগের সংঘাত অনিবার্য হয়ে উঠবে কি না, সেই প্রশ্ন উঠেছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, বিষয়টিকে এভাবে দেখা ঠিক হবে না। বরং গণতন্ত্রের তিন স্তম্ভ—আইন বিভাগ, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনই কাম্য। বিজেপিকে কটাক্ষ করে সুরজেওয়ালা বলেছেন, এই রায় একদিক থেকে সরকারের প্রতি সুপ্রিম কোর্টের অনাস্থারই শামিল। কংগ্রেস অবশ্য বলেছে, এটা সুখের কথা, কলেজিয়াম পদ্ধতি যে ত্রুটিমুক্ত নয়, তা সুপ্রিম কোর্টই স্বীকার করেছেন।