সরকারের প্রতি সমর্থন ৬২ শতাংশ শহুরে ভারতীয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার দুই বছর পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে এক জরিপে দেখা গেছে, মোদি সরকারের প্রতি এখনো ৬২ শতাংশ শহুরে ভারতীয়র সমর্থন আছে। ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক বাজার জরিপকারী সংস্থা আইপিএসওএস এই জরিপ করে।
জরিপের ফল বলছে, মোদি সরকারের প্রতি সমর্থন গত বছরের চেয়ে ৫ শতাংশ কমেছে। নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে ও আহমেদাবাদে এই জরিপ চলে। নগরগুলোর ১৮ থেকে ৪৫ বছর বয়সী ১ হাজার ৩৪৮ জনের ওপর এটি পরিচালিত হয়।
মোদি সরকারের সার্বিক কার্যক্রমকে ১৭ শতাংশ উত্তরদাতা ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন। ‘ভালো’ বলেছেন ৪৫ শতাংশ। সরকারের কার্যক্রম ‘মোটামুটি’ বলে মনে করেন ২১ শতাংশ উত্তরদাতা। ‘খারাপ’ মনে করেন ১১ শতাংশ, আর ‘খুব খারাপ’ মনে করেন ৬ শতাংশ।
ভারতের বড় শহরবাসী ৪০ শতাংশ মানুষই মনে করেন, দুর্নীতি বন্ধে মোদি সরকার আগের চেয়ে ভিন্ন কোনো কিছু করতে পারেনি। অবশ্য ২৭ শতাংশ মনে করেন, তাঁর আমলে দুর্নীতি কমেছে। তবে ২৩ শতাংশ আবার মনে করেন, বিজেপি সরকারের সময় দুর্নীতি আরও বেড়েছে।
কালোটাকার বিষয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মনে করেন ৪০ শতাংশ। তবে ৩৪ শতাংশের ধারণা, কালোটাকা নিয়ে ভালো উদ্যোগ নিয়েছে মোদির সরকার।
ব্যক্তি মোদির প্রতি অনেকেরই আস্থা রয়েছে। ৪৯ শতাংশ উত্তরদাতাই মনে করেন, মোদি একজন শক্তিশালী নেতা। তাঁর উদ্যোগ শুভ, কিন্তু তাঁর সরকারের অন্যরা এসব কার্যক্রম বাস্তবায়নে সমস্যা সৃষ্টি করছেন।
তৃতীয় বছরে মোদি সরকারের কোন দিকে বেশি দৃষ্টি দেওয়া উচিত—এমন প্রশ্নে সর্বোচ্চ ২৬ শতাংশ উত্তরদাতা বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি। ১৯ শতাংশ উত্তরদাতা মন্তব্য করেন, ব্যাপক খরা নিয়ন্ত্রণ হওয়া উচিত সরকারের প্রধান অগ্রাধিকার।
মোদির পররাষ্ট্রনীতি বিশেষ করে চীন ও পাকিস্তান নীতির প্রতিও বেশির ভাগ মানুষ আস্থাশীল। নতুন কর্মসংস্থান না সৃষ্টি হওয়াকে মোদি সরকারের বড় ব্যর্থতা বলে মনে করেন বেশির ভাগ উত্তরদাতা।
ক্ষমতা গ্রহণের দুই বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের সাম্প্রতিক সময়ের যেকোনো সরকারের চেয়ে তিনি অনেক বেশি সংস্কার কর্মসূচি নিয়েছেন। বৈশ্বিক প্রেক্ষাপটে আজ ভারত আর আগের মতো এক কোণে পড়ে নেই। তবে তাঁর সামনে এখনো বহু কাজ আছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মোদি।