সরিয়ে দেওয়া হবে অধীর চৌধুরীকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী ও অধীর চৌধুরী।
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে বিপর্যস্ত কংগ্রেস ও বাম দলগুলোর জোট। এরপর থেকে রাজ্যের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া নিয়ে নতুন জল্পনাকল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহল মনে করছে, ২০২৪ সালের পরবর্তী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সখ্য প্রয়োজন। কারণ, এবারের বিধানসভা নির্বাচনে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভা কংগ্রেস ও বাম দলের আসন শূন্য হয়েছে। তাই কংগ্রেসকে চাঙা করতে এবং বিজেপির সঙ্গে টেক্কা দিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সখ্য জরুরি। বিশেষ করে সামনের দিনগুলোয় লোকসভায় বিজেপিবিরোধী আন্দোলনে কংগ্রেসের প্রয়োজন তৃণমূলকে।

ঠিক এই জন্যই রাজ্য কংগ্রেসের সভাপতি অধীরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, অধীর চৌধুরী যতটা বিজেপিবিরোধী, ততটাই আবার তৃণমূলবিরোধী। এটাই চাইছে না কংগ্রেস। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী চাইছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূলের সমর্থন প্রয়োজন।
এ লক্ষ্য নিয়ে এবার কংগ্রেস দলের ভেতরে কিছু পরিবর্তনও করছে। সোনিয়া চাইছেন, লোকসভায় কংগ্রেসের নেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে অন্য এক নেতাকে আনতে। যাতে তৃণমূলের সঙ্গে একাত্ম হয়ে লোকসভায় মোদিবিরোধী আন্দোলন জোরদার করা যায়। এ ছাড়া বিজেপিকে পরাস্ত করতে মহাজোট গঠন করতে চাইছেন সোনিয়া।

এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বাম দল এক হয়ে নির্বাচনে লড়লেও শূন্য আসনে ফিরতে হয় তাদের। অথচ বিজেপি সেখানে ৭৭টি আসন পেয়ে এই রাজ্যে এক নতুন রেকর্ড গড়ে। এটাই মেনে নিতে পারছে না কংগ্রেস ও বাম দলগুলো। ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম রাজ্য বিধানসভায় কংগ্রেস ও বাম দল শূন্য হলো। যদিও ২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ২টি আসনে জিতলেও বাম দল শূন্য হাতে ফিরেছে। আর বিজেপি জিতেছে ১৮টি আসনে। তৃণমূল জিতেছে ২২টি আসনে। আবার রাজ্য বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২১৩টি আসন। বিজেপি ৭৭টি। আর কংগ্রেস ও বাম দল একটি আসনেও জিততে পারেনি।