আম আদমি পার্টির (এএপি) রাজনৈতিক বিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্তভূষণকে। এই কমিটিই দলের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। গতকাল বুধবার দলের আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘোর সমালোচক বলে পরিচিত দুই নেতার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে। যাদবকে দলের প্রধান মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে কৃষক সেল-এর দায়িত্ব নিতে বলা হয়েছে। একই ভাবে প্রশান্তভূষণকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান থেকেও সরিয়ে দেওয়া হলো। তাঁকে দলের অভ্যন্তরীণ লোকপালের দায়িত্ব নিতে বলা হয়েছে, যিনি দলীয় দুর্নীতির অভিযোগগুলো দেখবেন। এই নতুন দায়িত্ব তাঁরা নেবেন কি না গতকাল রাত পর্যন্ত তা স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দলীয় এই কোন্দলে যে ‘গভীর বেদনাহত’, তা জানিয়ে এই বৈঠক থেকে নিজেকে সরিয়ে রাখার কথা জানিয়েছিলেন। সে জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি আসেননি। তবে তার আগে গতকাল সকালে তিনি এক চিঠি লিখে দলের আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রিত্ব ও আহ্বায়ক দুই পদে এক ব্যক্তির থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশান্তভূষণ। তিনি দলের ব্যক্তিকেন্দ্রিক প্রচারেরও বিরুদ্ধে। কেজরিওয়ালের সেই ইস্তফা কার্যনির্বাহী কমিটির সদস্যরা খারিজ করে দেন।
শান্তিভূষণ, প্রশান্তভূষণ ও যোগেন্দ্র যাদব তিনজনই দলের শুরু থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দলে তাঁদের অবদানও প্রচুর। সেই কারণে দলের একটা বড় অংশ চাইছিল না তিনজনকে দল থেকে বের করে দেওয়া হোক। কেজরিওয়ালও চাইছিলেন, দলে তাঁর অবস্থান প্রশ্নের ঊর্ধ্বে আনার পাশাপাশি যোগেন্দ্র ও প্রশান্তর ক্ষমতা খর্ব করে দলে রেখে দিতে। শান্তিভূষণও শেষ পর্যন্ত দলের ভাঙন রোধের চেষ্টায় জানান, যোগেন্দ্র ও ভূষণ দুজনেই কেজরিওয়ালকে সমর্থন করেন। বৈঠক শেষ হওয়ার পর যোগেন্দ্র বলেন, অনুশাসিত সদস্য হিসেবে দল যে দায়িত্ব দেবে, তা তিনি পালন করবেন। প্রশান্ত জানান, অধিকাংশ সদস্য এই সিদ্ধান্তের শরিক। দলে নিজের অবস্থান আরও দৃঢ় করে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ১০ দিনের জন্য প্রাকৃতিক চিকিৎসা করাতে বেঙ্গালুরু যাচ্ছেন।