ভারতে রাজনৈতিক আন্দোলন বা বিক্ষোভের সময় সহিংসতায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় দলীয় প্রধানের ওপর বর্তানোর বিধান রেখে বিদ্যমান একটি আইন সংশোধনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার।
ইন্ডিয়া টুডে পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ‘সরকারি সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ আইন (সংশোধনী) বিল ২০১৪’ দেশটির পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে উঠতে পারে।
বিজেপি ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ‘সরকারি সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ আইন (পিডিপিপি) ১৯৮৪’ সংশোধনের একটি প্রস্তাব মন্ত্রিসভায় দিয়েছেন বলে খবর বেরিয়েছে। তাঁর দেওয়া প্রস্তাব অনুযায়ী, রাজনৈতিক কর্মসূচিতে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির দায়ভার সংশ্লিষ্ট দলের নেতার ওপর বর্তাতে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট দলের নেতার কারাদণ্ড ছাড়াও অর্থদণ্ড হতে পারে।
১৯৮৪ সালের আইনটি সংশোধনের জন্য প্রায় সাত বছর আগে দেশটির সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিলেন। এখন নরেন্দ্র মোদির সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধনী বিলের খসড়া এখন মন্ত্রিসভায় উঠেছে বলে জানা গেছে। বিলটির ব্যাপারে মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হয়েছে।
সংশোধনী বিলের খসড়ায় বলা হয়, সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের ভিডিও ধারণ করবে পুলিশ। ঘটনার দিন ক্ষয়ক্ষতি হওয়া সম্পদের বাজারমূল্য বিবেচনায় নিয়ে দায়ী রাজনৈতিক দলের নেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারবেন আদালত।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আইনটি সংশোধনের পক্ষে-বিপক্ষে তাঁদের মতামত ব্যক্ত করছেন।