জাতপাতের অঙ্কের খেলায় নয়, উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে সাংগঠনিক শক্তির জোরেই জিততে চায় বিজেপি। কমিউনিস্টশাসিত ত্রিপুরায় আগামী বছরের শুরুতেই বিধানসভার ভোট। তার আগে উত্তর ত্রিপুরার ধর্মনগরে দলের প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজেপির দুই দিনের ওই বৈঠক শেষ হয় গতকাল রোববার। বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব, প্রদেশ সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর উপস্থিত ছিলেন। বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়েই বৈঠকে বেশি জোর দেওয়া হয়।
ত্রিপুরায় এখন পর্যন্ত আসন পায়নি বিজেপি। তবু ২০১৮-এর নির্বাচনে রাজ্যে ‘গেরুয়া সরকার’ বানাতে প্রত্যয়ী বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই ৬ ও ৭ মে দুই দিনের সফরে এ রাজ্যে আসছেন দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
ত্রিপুরায় ভোটারদের মধ্যে প্রায় ২০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। তাঁদের মধ্যে বেশির ভাগই খ্রিষ্টান। মুসলমান ভোটারের সংখ্যা ৭ শতাংশের কাছাকাছি। বিষয়টি মাথায় রেখেও জাতপাতকে প্রকাশ্যে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিজেপির নেতারা। তাঁদের স্লোগান এখন শুধু উন্নয়ন। দীর্ঘ কমিউনিস্ট শাসনে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, এমন বিশ্বাস মানুষের মনে গেঁথে দিতে চান তাঁরা। দুই দিনের বৈঠকে এই নিয়েই বেশি আলোচনা হয় বলে জানা গেছে।
বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব বৈঠক শেষে প্রথম আলোকে বলেন, দুই দিনের বৈঠকে সংগঠনকে মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার বইছে, সেই উন্নয়নযজ্ঞে রাজ্যবাসীও যাতে শামিল হন, সেদিকেই নেতাদের মন দিতে বলা হয়েছে। দলের প্রভারী সুনীল দেওধর প্রথম আলোকে বলেন, রাজ্যে উন্নয়ন হয়নি। কমিউনিস্টরা মানুষকে শুধু ধোঁকা দিয়েছেন। তাই মানুষই চাইছেন রাজ্যে বিজেপির সরকার।
টানা ২৪ বছর ধরে ত্রিপুরায় সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার ক্ষমতায় রয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। বড় ভাগটাই এখন তৃণমূল।